সেতু বিভাগের তিন প্রকৌশলীর দাবি—তাঁরা কানাডায় গিয়েছিলেন, তবে এসএনসি-লাভালিনের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে তাঁরা আরও জানান, দুই সপ্তাহে তাঁরা কানাডায় এসএনসি-লাভালিনের কার্যালয়ের আশপাশ দিয়ে যাননি।গতকাল বুধবার দুদক কার্যালয়ে তিন ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদে তদন্ত দলের কাছে এমনটাই দাবি করেছেন তিন প্রকৌশলী। তাঁরা হচ্ছেন: তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ ও মো. গোলাম মর্তুজা।অভিযোগ রয়েছে, গত বছর এই তিন প্রকৌশলী দুই সপ্তাহের বেশি কানাডায় অবস্থান করেছেন এবং তাঁদের এই কানাডা ভ্রমণের কারণ ছিল এসএনসি-লাভালিনের প্রশিক্ষণ নেওয়া। এটি পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের দরপত্র আহ্বানের সময়কার ঘটনা।তবে কমিশনের তদন্ত কমিটির সব প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনজন। তাঁরা জানিয়েছেন, দুই সপ্তাহ কানাডায় অবস্থানের কারণ ছিল ব্যক্তিগত ভ্রমণ। এসএনসি-লাভালিনের কোনো প্রশিক্ষণ তো দূরের কথা, লাভালিনের কোনো কর্মকর্তার সঙ্গেও তাঁদের দেখা হয়নি। দুদক সূত্র জানায়, কমিশনের উপপরিচালক মীর জয়নুল আবেদীন ও মির্জা জাহিদুল আলম বেলা ১১টা থেকে তিন ঘণ্টার বেশি সময় ওই তিন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি তদন্ত দল। তাই তাঁদের পাসপোর্ট, ভিসাসহ অন্য আনুষঙ্গিক কাগজপত্র খতিয়ে দেখবে তদন্ত দল।