লাভের আশায় চাষ করে চাষির মাথায় হাত
দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনার সাঁথিয়ায় নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। নতুন পেঁয়াজ ওঠার এই মৌসুমে পেঁয়াজচাষিদের মুখে হাসি থাকার কথা। কিন্তু হাটে পেঁয়াজ নিয়ে এসে কৃষকেরা দিশেহারা হয়ে পড়ছেন। কারণ, হাটে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তাতে চাষিদের উৎপাদন খরচও উঠছে না।
স্থানীয় কৃষি কার্যালয় ও কৃষকদের সূত্রে জানা যায়, সাঁথিয়া দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা। লাভজনক হওয়ায় এই উপজেলায় পেঁয়াজের আবাদ দিন দিন বাড়ছিল। গত বছর এই উপজেলায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। মাস তিনেক আগেও ছিল পেঁয়াজের অগ্নিমূল্য। এই কদর দেখে কৃষকেরা এবার পেঁয়াজ চাষে আরও বেশি ঝুঁকে পড়েন। ফলে গতবারের চেয়ে এবার পেঁয়াজের আবাদ বেড়েছে ২ হাজার ২০০ হেক্টর জমিতে। এবার সাঁথিয়ায় পেঁয়াজের আবাদ হচ্ছে ১৪ হাজার ৭০০ হেক্টর জমিতে।
উপজেলায় দুই পদ্ধতিতে পেঁয়াজের আবাদ হয়ে থাকে। আর তা হলো মূলকাটা ও হালি পদ্ধতি। মূলকাটা পদ্ধতিতে পেঁয়াজের আবাদ শুরু হয় অক্টোবর-নভেম্বর মাসে ও হালি পদ্ধতিতে ডিসেম্বর-জানুয়ারিতে। মূলকাটা পদ্ধতিতে আবাদ করা নতুন পেঁয়াজ এখন হাটে উঠতে শুরু করেছে।
গত মঙ্গলবার উত্তরাঞ্চলের অন্যতম পেঁয়াজের হাট সাঁথিয়ার করমজায় গিয়ে দেখা যায়, প্রতি মণ পেঁয়াজ ৬০০ থেকে ৭৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। হাটে পেঁয়াজের আড়তদার হাফিজুর রহমান বলেন, ‘মাস তিনেক আগে তিন হাজার টাকার কাছাকাছি দামে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হইছে। অথচ সেই পেঁয়াজের দাম এখন ৬০০ টাকার থ্যা ৭৫০ টাকায় নাইম্যা আসিছে। এমন দামে কৃষকের লোকসান হতেছে।’
পেঁয়াজচাষিদের সূত্রে জানা যায়, মাস তিনেক আগে পেঁয়াজ বিক্রি হয়েছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা মণ দরে। এই দামে পেঁয়াজ বিক্রি হলেও তাতে চাষিদের কোনো লাভ হয়নি। কারণ, ওগুলো ছিল আগে মজুত করে রাখা পেঁয়াজ। মহাজন ও মজুতদারেরা এসব পেঁয়াজ মজুত করে রেখেছিলেন। কাজেই লাভ যা পাওয়ার, তা মহাজন ও মজুতদারেরাই পেয়েছেন। তবে লাভ না হলেও পেঁয়াজের ওই দাম দেখে চাষিরা পেঁয়াজ চাষে উৎসাহিত হন। অক্টোবর-নভেম্বর মাসে তাঁরা ব্যাপক উৎসাহ নিয়ে পেঁয়াজ আবাদ করেন।
এদিকে চাহিদা বেশি থাকায় এবার পেঁয়াজবীজের দাম ছিল গতবারের প্রায় দেড় গুণ বেশি। বেশি দামে পেঁয়াজবীজ কেনায় চাষিদের এবার উৎপাদন খরচ বেড়েছে। তা ছাড়া গতবারের চেয়ে এবার কামলা খরচসহ চাষের অন্যান্য খরচও বেড়েছে বলে চাষিরা জানান।