
চট্টগ্রাম নগরবাসীর যাতায়াতের সমস্যা নিরসনে ২০০৬ সালের ১ এপ্রিল ১০টি ভাড়া গাড়ি নিয়ে ‘নিরাপদ মহিলা ও শিশু যাত্রীসেবা’ চালু করেন তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী৷ বর্তমানে এটি নিরাপদ যাত্রীসেবা নামে পরিচিত৷ এখন বাস রয়েছে ১৯টি৷ কিন্তু এর মধ্যে আটটি অচল হয়ে যাওয়ায় যাত্রীরা সেবা পাচ্ছে না৷
এই সেবার লাভ-লোকসান নিয়েও ভিন্নমত রয়েছে মেয়র ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মধ্যে৷
মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, নিরাপদ যাত্রীসেবার গাড়িগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর খরচ হয়৷ এতে কোনো লাভ হয় না৷ এ ছাড়া বিনা মূল্যে যাত্রী পরিবহনের জন্য দুটি গাড়ি ব্যবহার করা হয়৷ লোকসান হওয়া সত্ত্বেও প্রকল্পটি চালু রাখা হয়েছে৷
তবে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী জয়সেন বড়ুয়া দাবি করেছেন, প্রকল্পটি লাভজনক৷ একটি নির্দিষ্ট সময় পর পর বাসের চাকা ও যন্ত্রাংশ কিনতে হয়৷ গাড়ির রক্ষণাবেক্ষণেও টাকা খরচ হয়৷ হয়তো মেয়র মহোদয় এসব হিসাব করে ওই কথাটা বলেছেন৷
করপোরেশনের যান্ত্রিক শাখা সূত্রে জানা গেছে, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ১০টি ভাড়া গাড়ি দিয়ে এই সেবা চালু করেন৷ প্রথমে নারী ও শিশুদের জন্য এই সেবা চালু করা হয়৷ তখন এই প্রকল্পের নাম ছিল ‘নিরাপদ মহিলা ও শিশু যাত্রীসেবা’৷ ওই সময় নগরের বিভিন্ন মোড়ে ৯২টি নারী যাত্রীছাউনি নির্মাণ করে করপোরেশন৷ পর্যাপ্ত যাত্রী না থাকায় পরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়৷
করপোরেশনের যান্ত্রিক শাখার প্রতিবেদন থেকে জানা যায়, ১৯টি বাসের মধ্যে অচল আটটি৷ এর মধ্যে পুরোপুরি অচল পাঁচটি৷ অন্য তিনটির মেরামত চলছে৷ এ ছাড়া দুটি বাস করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের বহনে ব্যবহার করা হয়৷ করপোরেশনের বিভিন্ন উচ্ছেদ অভিযানের সময় পুলিশ ও কর্মীদের বহন করার জন্য অন্তত দুটি গাড়ি ব্যবহার করা হয়৷
শুরুর দিকে নগরের বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করত বাসগুলো৷ বর্তমানে শুধু বহদ্দারহাট থেকে পতেঙ্গা পর্যন্ত যাত্রী পরিবহন করা হয়৷
করপোরেশনের প্রকৌশল (যান্ত্রিক) শাখার সহকারী প্রকৌশলী জয়সেন বড়ুয়া প্রথম আলোকে জানান, একটি গাড়ি প্রতিদিন চারবার চলাচল করে৷ প্রতি গাড়ি থেকে আয় হয় প্রায় চার হাজার টাকা৷ এর মধ্যে গ্যাস বাবদ খরচ হয় প্রায় এক হাজার ৭০০ টাকা৷ বাসচালককে দিতে হয় ৩৫০ টাকা এবং হেলপার ও ভাড়া আদায়কারীকে ২০০ টাকা করে দেওয়া হয়৷
জয়সেন বড়ুয়া দাবি করেন, নিরাপদ যাত্রীসেবা থেকে করপোরেশনের মাসিক লাভ হয় এক লাখ টাকা৷