লামা ও বান্দরবান শহরে ঢুকতে পারেনি নাগরিক প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি ও বাঙালিদের ভূমি দখল করে নেওয়ার অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে ঢাকা থেকে আসা নাগরিক প্রতিনিধিদলকে বান্দরবানে ঢুকতে দেওয়া হয়নি। জেলার লামা উপজেলা সদরে প্রবেশের আগে ইয়াংসা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টে প্রতিনিধিদলের গাড়ি আটকে দেওয়া হয়। গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় লামা উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
গত শুক্রবার রাতে ঢাকা থেকে প্রথমে কক্সবাজারে আসে ১১ সদস্যের প্রতিনিধিদলটি। সেখানে রাত কাটিয়ে ভোরে দুটি মাইক্রোবাসে করে লামার উদ্দেশে যাত্রা করে তারা। দলটির নেতৃত্বে রয়েছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।
নাগরিক প্রতিনিধিদলের সমন্বয়কারী টিসেল চাকমা প্রথম আলোকে বলেন, গতকাল সকালে লামার চেকপোস্টে তাঁদের বলা হয়, ম্রোদের ডাকা অবরোধ চলছে। নিরাপত্তার কারণে কোনো গাড়িকে উপজেলা সদরে যেতে দেওয়া হচ্ছে না। পরে তাঁরা গাড়ি থেকে নেমে চেকপোস্টে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রায় পৌনে এক ঘণ্টা তাঁরা চেকপোস্ট এলাকায় ছিলেন। পরে তাঁরা হেঁটে ইয়াংসা বাজারে যান এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন বাসিন্দা বলেন, হঠাৎ করে সকালে তাঁরা শুনেছেন অবরোধ চলছে।
লামা উপজেলার সরই, ডলুছড়ি ও সাঙ্গু মৌজায় প্রতিনিধিদলের যাওয়ার কথা ছিল বলে জানান সমন্বয়কারী টিসেল চাকমা। তিনি বলেন, পঙ্কজ ভট্টাচার্য ছাড়াও প্রতিনিধিদলটিতে রয়েছেন বেসরকারি সংস্থা আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, আইনজীবী প্রকাশ বিশ্বাসসহ বেশ কয়েকজন সাংবাদিক। তিনি বলেন, লামা উপজেলায় ম্রো, ত্রিপুরা এবং স্থানীয় বাঙালিদের জমি প্রশাসনের সহযোগিতায় কয়েকটি প্রতিষ্ঠান দখল করেছে এমন অভিযোগের সত্যতা যাচাই করার জন্যই তাঁরা সেখানে যাচ্ছিলেন।
প্রতিনিধিদলকে বাধা দেওয়ার বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ম্রোদের একটি দল সড়ক অবরোধের ডাক দিয়েছে। এ বিষয়ে তাঁদের করার কিছু ছিল না।
অবরোধের বিষয়ে ম্রো নেতা য়ুংলগ ম্রো প্রথম আলোকে বলেন, গতকাল সকালে তাঁকে বান্দরবানের আলীকদম থেকে লামায় ডেকে নিয়ে এসে অবরোধের কথা বলা হয়েছে। এ ছাড়া তিনি আর কোনো কিছু জানেন না।
লামার ইয়াংসায় বাধা পেয়ে প্রতিনিধিদলটি গাড়ি ঘুরিয়ে চকরিয়ায় যায়। সেখান থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সাতকানিয়ার কেরানীহাট হয়ে বান্দরবান শহরের উদ্দেশে যাত্রা করে। বেলা একটার দিকে বান্দরবান শহর থেকে সাত কিলোমিটার দূরে রেইছা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি চেকপোস্টে প্রতিনিধিদলটির গাড়ি আটকে দেওয়া হয়।
এ বিষয়ে পঙ্কজ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, লামায় ঢুকতে না দেওয়ায় প্রথমে তিনি মনে করেছিলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু জেলা শহরেও ঢুকতে না দেওয়ায় বিষয়টি স্পষ্ট, পরিকল্পিতভাবেই তাঁদের বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ঘটনা দুঃখজনক এবং এতে গণতান্ত্রিক সরকারের মর্যাদা কমে যায়।
বাধা দেওয়ার বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কাউকে কোথাও বাধা দেওয়া হয়েছে বলে তাঁর জানা নেই।
এদিকে বান্দরবান শহরে ঢুকতে না পেরে ফেরার পথে রেইছা বাজারে প্রতিনিধিদলের গাড়ি থামানো হলে কয়েকজন লোক তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে জানান নাগরিক প্রতিনিধিদলের সদস্য সুমন মারমা।
তবে কোনো প্রতিনিধিদলকে কোথাও বাধা দেওয়ার বিষয়টি জানা নেই বলে জানান সেনাবাহিনীর বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, কাউকে বাধা দেওয়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাঁদের দায়িত্ব সবার নিরাপত্তা নিশ্চিত করা।