লামা থানার ওসিসহ তিনজনের বিরুদ্ধে মামলা, জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের আদেশ পালনে অবহেলার অভিযোগে বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলের বিরুদ্ধে গত বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এন এম মোরশেদ খান আসামিদের আদালতে হাজির হওয়ার আদেশ দেন। গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, সহকারী পুলিশ সুপার (এএসপি) ও আইনজীবীর জিম্মায় ১০ হাজার টাকা মুচলেকায় আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।আদালত ও থানা সূত্রে জানা গেছে, ৬ জুলাই এক ব্যক্তি লামা থানায় মামলা করতে যান। থানা ওই মামলা নেয়নি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত ওই ব্যক্তির অভিযোগ নিয়মিত মামলা হিসেবে নেওয়ার জন্য লামা থানাকে নির্দেশ দেন। আদালত থেকে থানার দূরত্ব মাত্র কয়েক শ গজ। কিন্তু থানার পক্ষ থেকে আদালতের এ আদেশের প্রাপ্তি স্বীকার করা হয় ১৪ জুলাই। তার পরও লামা থানা মামলা নেয়নি। গত বুধবার ওই অভিযোগকারী আদালতের আদেশ পালনে অবহেলার বিষয়টি আদালতকে লিখিতভাবে জানান। এরপর বিচারিক হাকিম লামা থানার ওসি মোহাম্মদ হোসাইন, উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী ও কনস্টেবল মেহেদি হাসানের বিরুদ্ধে আদেশ পালনে অবহেলার অভিযোগ মামলা হিসেবে আমলে নেন। সেই সঙ্গে ওসি, এসআই ও ওই কনস্টেবলকে হাজির হওয়ার আদেশ দেন।আসামি পক্ষের আইনজীবী নূরুল আবছার আজাদ প্রথম আলোকে বলেন, আদালতে হাজির হয়ে তাঁর মক্কেলদের জামিনের আবেদন করেন তিনি। উপজেলা চেয়ারম্যান মো. ইসমাইল, এএসপি আমজাদ হোসেন ও তাঁর (আইনজীবী) জিম্মায় ১০ হাজার টাকার মুচলেকায় আদালত জামিন মঞ্জুর করেন। লামা থানার ওসি মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে এর আগেও অন্তত ২০টি মামলায় আদালতের আদেশ না মানা ও আদেশ পালনে অবহেলার অভিযোগ রয়েছে। এ ছাড়া মামলা না নেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।জামিনের জিম্মাদার হওয়ার সত্যতা নিশ্চিত করে এএসপি আমজাদ হোসেন বলেন, এর আগে ওসির বিরুদ্ধে ২০টি মামলায় আদালতের আদেশ পালনে অবহেলার অভিযোগ সম্পর্কে তাঁর জানা নেই।আদালতের আদেশ না মানা ও দায়িত্ব্বে অবহেলার অভিযোগ অস্বীকার করে ওসি মোহাম্মদ হোসাইন বলেন, আদালত তাঁদের হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। এ ছাড়া কিছুই হয়নি বলেও মন্তব্য করেন তিনি।