লামা থানায় ১৩ হাজার টাকায় মীমাংসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলায় এক ম্রো আদিবাসী কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনা গত বৃহস্পতিবার থানায় ১৩ হাজার টাকায় মীমাংসা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী জানান, উপজেলা সদর থেকে প্রায় ২০-২২ কিলোমিটার দূরে সরই ইউনিয়নের ঢেঁকিছড়া রাঙ্গাঝিরিপাড়ার আলমগীর (২০) একই এলাকার ১৩ বছরের এক কিশোরীকে ৫ জুলাই ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনাটি গত বৃহস্পতিবার থানায় মীমাংসা হয়েছে। কিশোরীর বাবা প্রথমে বলেন, কাপড়চোপড় ছিঁড়ে জোরপূর্বক তাঁর মেয়ের ওপর নির্যাতন করা হয়েছে। পরে তিনি বলেন, বিষয়টি মীমাংসা হয়েছে।এদিকে এ ঘটনায় গত বুধবার আলমগীরের বাবা তাঁর ছেলে নিখোঁজ রয়েছে দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে মীমাংসার সময় তিনি বলেন, তাঁর ছেলেকে খুঁজে নিয়ে আসবেন। সরই ডলুছড়ি মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) যোহন ত্রিপুরা বলেন, জিডি করার পর পুলিশ তিনজন ম্রোকে আটক করে। লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব ফরিদুল আলম বলেন, থানায় দুই দিন ধরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি ১৩ হাজার টাকায় মীমাংসা করা হয়েছে। ফলে কেউ কারও বিরুদ্ধে মামলা করবে না। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেছেন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। টাকার বিষয়টি তাঁর জানা নেই।