লামা পৌরসভায় পানি সরবরাহ বন্ধ পাঁচ মাস!
বান্দরবানের লামা পৌরসভার পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় পাঁচ মাস ধরে সেখানে পানির জন্য হাহাকার চলছে। ২৮ হাজার পৌরবাসী পানির অভাবে দুর্বিষহ জীবনযাপন করলেও পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
পৌরসভার মেয়র আমির হোসেন গতকাল রোববার বলেন, বর্ষায় পানি সরবরাহ কেন্দ্রের পানি উত্তোলন পয়েন্ট থেকে মাতামুহুরী নদী ১০ ফুট দূরে সরে যাওয়ায় পুরো ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ভরাট হওয়া বালু অপসারণ করে আগামী মাসে সরবরাহব্যবস্থা চালু করার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে।
লামার মানবাধিকারকর্মী রুহুল আমিন ও ব্যবসায়ী সঞ্জয় দাশ বলেন, পৌরসভায় পানি সরবরাহের নামে কোটি কোটি সরকারি টাকা অপচয় করা হয়েছে। এখনো সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ডিপিএইচইর বাস্তবায়নাধীন একটি প্রকল্পের কাজ কবে নাগাদ শেষ হবে এবং আদৌ সেখান থেকে পানি সরবরাহ করা সম্ভব হবে কি না, তা কেউ জানে না।
বাজার ঘাট এলাকার পারুল আক্তার, ফাতেমা বেগম ও নাসিরুল আলম বলেন, জুলাইয়ে হঠাৎ পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর পাঁচ মাস ধরে মাতামুহুরী নদী ও পুকুর থেকে তাঁরা পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। অনেক দূরে গিয়ে নলকূপ থেকে পানীয় জল সংগ্রহ করতে শারীরিক শ্রম ও সময় নষ্ট হচ্ছে বলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ছাড়া লামা বাজার, উপজেলা পরিষদ এলাকা, চেয়ারম্যান পাড়াসহ সব এলাকায়ই লোকজন শুধু পানির সংকটে দুঃসহ জীবনযাপনের কথা বলেছেন।
পানি সরবরাহে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ২০০৭ সালে বাংলাদেশ পৌরসভা উন্নয়ন তহবিলের (বিএমডিএফ) পৌনে দুই কোটি টাকায় লামা পৌর পানি সরবরাহব্যবস্থা নির্মাণ করা হয়েছে। কিন্তু বিভিন্ন অনিয়ম ও ত্রুটির কারণে ২০১২ সালে চালু হওয়া সরবরাহব্যবস্থা গত জুলাইয়ে বন্ধ হয়ে যায়।
পৌরসভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব বিশ্বজিৎ দাশ বলেছেন, অর্থের অভাবে বিদ্যুতের লোড হ্রাস-বৃদ্ধিতে (ভোল্টেজ ওঠানামা) নষ্ট হওয়া মোটর মেরামত ও নদীতে ভরাট হওয়া বালু অপসারণ করা সম্ভব না হওয়ায় পানি সরবরাহব্যবস্থা সচল করতে বিলম্ব হচ্ছে।
পুরোনো থানা এলাকায় ডিপিএইচইর পানি পরিশোধন ও সরবরাহ প্রকল্পটিও বাস্তবায়নাধীন অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছে।
ডিপিএইচইর নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, অর্থ বরাদ্দ পাওয়া গেলে তিন মাসের মধ্যে পানি সরবরাহ দেওয়া সম্ভব হবে।
এ ছাড়া বাজার ঘাট ও হাইস্কুল এলাকায় এলজিইডি, প্রশিকার বিশাল পানি সরবরাহ কাঠামো পরিত্যক্ত অবস্থা পড়ে থাকতে দেখা গেছে।
মেয়র আমির হোসেন বলেন, বিকল্প সরবরাহব্যবস্থা না থাকায় পানির সংকট সৃষ্টি হয়েছে। ডিপিএইচইর বাস্তবায়নাধীন প্রকল্পের কাজ শেষ হলে এ রকম সংকট থাকবে না। অর্থ সংস্থান করা গেলে আগামী মাসে বন্ধ হওয়া সরবরাহ কেন্দ্রটি চালু করা হবে বলে তিনি জানান।