লামা পৌর প্যানেল চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে লামা পৌর প্যানেল চেয়ারম্যান দিদারুল ইসলাম ও চকরিয়া ইসলামী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আশরাফ উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন আদালত এবং জেলা ও দায়রা জজ হোসাইন হেলাল গতকাল সোমবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে জানা যায়, লামার একজন নারী পৌর প্যানেল চেয়ারম্যান দিদারুল ইসলামের এবং চকরিয়া ইসলামী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আশরাফ উদ্দিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী মামলা দায়ের করেন। আশরাফ উদ্দিনের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাঁকে প্ররোচনাকারী দেবর-ননদসহ আরও পাঁচজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ (সমন) দেওয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ির উম্মে হাবিবা অভিযোগ করেন, ২০১০ সালের ১৫ অক্টোবর তাঁর বিয়ে হওয়ার পর থেকে স্বামী আশরাফ যৌতুকের দাবিতে তাঁকে নির্যাতন করে আসছেন। তাঁর মা-বাবা নির্যাতন সহ্য করতে না পেরে বিভিন্ন সময়ে ১৫ লাখ টাকা দিয়েছেন। কিন্তু ফ্ল্যাট কেনার জন্য পরবর্তী সময়ে আরও ২০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁর ওপর পাশবিক নির্যাতন করা হয়। যৌতুকের দাবিতে ও শারীরিক নির্যাতনে তাঁর দেবর ও ননদ প্ররোচনা দিয়েছিলেন। ইসলামী ব্যাংক চকরিয়া শাখার সহকারী ব্যবস্থাপক আশরাফ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি যৌতুককে ঘৃণা করেন। কিন্তু তাঁর স্ত্রী তাঁকে হয়রানি ও মানসিক নির্যাতন করতেন। এ জন্য তিনি তাঁকে তালাক দিয়েছিলেন। এখন তাঁর ও পরিবারে সমঞ্চানহানি করার জন্যই তিনি এ মামলা করেছেন। আদালত সূত্র জানিয়েছে, লামার এক সংখ্যালঘু নারীকে দীর্ঘদিন ধরে পৌর প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি দিদারুল ইসলাম বিয়ের প্রলোভন ও ক্ষমতার দাপট দেখিয়ে ধর্ষণ করেছেন। এ ব্যাপারে একজন বিচারিক হাকিম তদন্ত করেছিলেন। কিন্তু সুস্পষ্ট কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। কিন্তু আদালতের কাছে ঘটনার সত্যতা প্রতীয়মান হওয়ায় দিদারুল ইসলামের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্যানেল চেয়ারম্যান দিদারুল ইসলাম বলেছেন, বার বার একটি মহল ওই মহিলাকে নিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাঁর সঙ্গে ওই নারীর কোনো সম্পর্ক নেই।