লামা পৌর মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা পৌরভার মেয়র মো. আমির হোসেন আমুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পৌরসভার ১০ জন কাউন্সিলর। গত বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলামের কাছে তাঁরা এই অনাস্থা প্রস্তাব দেন। পরে তাঁরা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) সাংসদ বীর বাহাদুরের (উশৈচিং মার্মা) সঙ্গে সাক্ষাৎ করেন। অভিযোগকারী কাউন্সিলররা জানান, পৌর মেয়র আমির হোসেন কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন এবং প্যানেল মেয়র ও দরপত্র কমিটি গঠন করেছেন। এর আগে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়রকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছিল। তাঁর দুর্নীতির কারণে ২ ও ৩ নম্বর প্যানেল মেয়র ইতিমধ্যে পদত্যাগ করেছেন। অনাস্থা প্রস্তাবকারী কাউন্সিলরদের পক্ষে মো. রফিক প্রথম আলোকে জানান, বারবার অভিযোগ করার পরও মেয়র তাঁর অবস্থান থেকে সরে না দাঁড়ানোয় তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে।মেয়র আমির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলররা আমার কাছে প্রকল্পের এক লাখ টাকা করে দাবি করেছেন। তা ছাড়া মাসিক সভায় তাঁরা বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা চেয়ে থাকেন। এর আগেও তাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, কিন্তু প্রমাণ দিতে পারেননি। বরং বেশ কয়েকজন কাউন্সিলর নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আর মন্ত্রণালয় থেকে পাঠানো শোকজের জবাব আমি দিয়েছি।’জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বুধবার ১০ জন কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব দিয়েছেন। পৌরসভা অধ্যাদেশ অনুযায়ী অনাস্থা প্রস্তাবটি পর্যালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর আগেও একবার আটজন কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে অনাস্থা দিয়েছিলেন।