লামাপাড়ায় ১৫ দিনের মধ্যে ফের ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ১৫ দিনের মধ্যে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গতকাল রোববার রাত আটটার দিকে সোনালী ব্যাংকের কর্মকর্তা মোতালেব হোসেনকে কুপিয়ে ৫৫ হাজার টাকা লুট করে ছিনতাইকারীরা। তাঁকে শহরের খানপুরে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ৫ অক্টোবর একই এলাকায় নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক মুক্তবাণীর ফটোসাংবাদিক মাহমুদ হাসান (৩৭) ও তাঁর বন্ধু মাসুদকে কুপিয়ে ক্যামেরা, ল্যাপটপ ও মুঠোফোনের সেট লুট করে ছিনতাইকারীরা।

আহত মোতালেব হোসেন সাংবাদিকদের বলেন, তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে তক্কারমাঠ এলাকায় বাড়ি যাওয়ার পথে লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকায় ময়লার স্তূপের সামনে একদল ছিনতাইকারী তাঁর গাড়ির গতিরোধ করে। ছিনতাইকারীরা তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তাঁর সঙ্গে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।