লামায় পুলিশ-ডাকাত গুলিবিনিময়, ডাকাত গুলিবিদ্ধ
বান্দরবানের লামা-গজালিয়া সড়কে গত বৃহস্পতিবার রাতে ডাকাতের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়েছে। এতে একজন ডাকাত আহত হয় এবং ডাকাত দলের বেঁধে রাখা মোটরসাইকেলের আরোহী ছয়জন তরুণ-তরুণীকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ গতকাল শুক্রবার জানিয়েছে।
এ সময় ছয়টি গুলি ও একটি বন্দুক পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, অতিরাং পাড়ার কাছাকাছি এলাকায় রাতে সড়ক অবরোধ করে চকরিয়ার হারবাংয়ের একটি ডাকাত দল ডাকাতি করছিল। সংবাদ পেয়ে গজালিয়া ফাঁড়ির পুলিশ সেখানে গেলে ডাকাতেরা প্রথমে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে নুরুল হুদা নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়।
লামা থানার এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, ডাকাতেরা সড়কে ব্যারিকেড দিয়ে লুটপাট চালাচ্ছিল। মোটরসাইকেল আরোহী ছয়জনের কাছ থেকে প্রায় ১২ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে তাদের বেঁধে রেখে আরও যানবাহনের অপেক্ষায় ছিল।
গজালিয়া ইউপি চেয়ারম্যান বলেছেন, আহত ডাকাত নুরুল হুদাকে লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান খান বলেছেন, এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।