লামার ম্রোপাড়ায় ডাকাতের হামলা নিহত ১, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার দুর্গম মিশুপাড়ায় ডাকাতের ছুরিকাঘাতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এলাকা হওয়ায় লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ গতকাল রোববার লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছে। আহত ব্যক্তিদের একজন গত শনিবার সন্ধ্যায় থানচি উপজেলা সদরে এসে পৌঁছালেও আরেকজন এখনো ওই পাড়ায় রয়েছেন বলে জানা গেছে। এলাকার লোকজন সূত্রে জানা যায়, লামা ও থানচি উপজেলার সীমান্তে লামার রূপসীপাড়া ইউনিয়নে মিশু ম্রোপাড়ায় গত শুক্রবার রাতে একদল ডাকাত ঢুকে পড়ে। পাড়ার লোকজন ডাকাত দলকে পাল্টা আক্রমণ চালায়। থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো পাড়াবাসীর বরাত দিয়ে জানিয়েছেন, ওই দিন পাড়ায় চারজন বাঙালি কাঠুরিয়া ছিলেন। পাড়ার লোকজনের সঙ্গে কাঠুরিয়ারাও ডাকাত দলকে তাড়াতে গেলে তারাও পাল্টা আক্রমণ চালায়। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে কাঠুরিয়া নূরুল কবীর ও পাড়াবাসী লুইদুই ম্রো ও তদাই ম্রো আহত হন। মিশুপাড়া থেকে গুরুতর আহত নূরুল কবীরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় তিনি মারা যান। রূপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহ্লাখয় মারমা জানিয়েছেন, মিশুপাড়া লামায় পড়লেও থানচির কাছাকাছি। সেখানে পৌঁছাতে থানচি উপজেলা সদর থেকে পায়ে হেঁটে চার-পাঁচ ঘণ্টা এবং লামা থেকে দুই দিন লাগবে। এ জন্য লামার আগে থানচির লোকজন ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ঘটনাস্থল থানচি থানার কাছাকাছি হওয়ায় পুলিশ লাশ উদ্ধারে গেছে থানচি থানায়। লাশ উদ্ধারের পর তদন্ত করে বিষয়টি জানা যাবে।