লামায় অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে ছাই
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া বাজারে ঈদের দ্বিতীয় দিনে (শনিবার) অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়ভাবে ক্ষতির পরিমাণ কোটি টাকা দাবি করা হলেও চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শুভকান্তি বড়ুয়া বলেছেন ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা হতে পারে। লামা উপজেলাবাসী অভিযোগ করেছেন, লামা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনটি নির্ধারিত সময়সীমার মধ্যে নির্মাণ শেষ হয়নি। এ জন্য আগুন নেভাতে প্রায় ৫০ কিলোমিটার দূরে কক্সবাজারের চকরিয়া থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে পৌঁছানোর আগে অধিকাংশ দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মারমাসহ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাঁচা দোকানের ছাদসংলগ্ন একটি পেঁপেগাছের সঙ্গে ১১ হাজার কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে স্পৃষ্ট হয়ে ওই দোকানে আগুন লেগে যায়। বাজারের কাঁচাবাড়ির দোকানগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চেয়ারম্যান বাথোয়াইচিং বলেন, লামা উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় চকরিয়ায় সংবাদ পাঠানো হয়। কিন্তু এত দূর থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে পৌঁছার আগে বাজারের অর্ধেকাংশ দোকান পুড়ে যায়।