লামায় এক রাতে ৩০টি গাছ কর্তন
লামা-আলীকদম সড়কের দুই পাশ থেকে ৩০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে হরিণঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।লামা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মংহ্লাচিং মারমা জানান, শুক্রবার গভীর রাতে লামা পৌরসভার হরিণঝিরির এলাকার লামা-আলীকদম সড়কের দুই পাশ থেকে ২০-২৫ বছর বয়সী ৩০টি একাশিয়া ও রেইনট্রি কেটেছে দুর্বৃত্তরা। তারা রাতেই অর্ধেক গাছ নিয়ে গেছে। বাকি গাছ রাস্তার পাশে পড়ে আছে।স্থানীয় লোকজন বলেন, হরিণঝিরি এলাকায় সাত-আট মাসে প্রায় এক হাজার গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তারা বলেন, শুক্রবার দিবাগত রাতে স্থানীয় প্রভাবশালী এক ইউপি সদস্যের ছেলে আলীকদম উপজেলা থেকে মিয়ানমারের প্রায় ৫০ জন নাগরিককে ভাড়া করে এনে গাছগুলো কাটেন।জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘হরিণঝিরি এলাকার গাছ কাটার কথা শুনেছি। তবে সড়ক ও জনপথ বিভাগের কেউ অভিযোগ না করায় ব্যবস্থা নিতে পারছি না।’