লামায় এসে খুন হলেন নাইক্ষ্যংছড়ির কার্বারি
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরির আগা এলাকা থেকে গত সোমবার রাত ১১টায় মাংরউ ম্রো (৫৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের চতই হেডম্যানপাড়ার কার্বারি (পাড়াপ্রধান)। গত ২৭ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তাঁর লাশ উদ্ধার করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নিহত মাংরউ ম্রো (৫৫) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের চতই হেডম্যানপাড়ার রইনা ম্রোর ছেলে। তিনি লামার ফাঁসিয়াখালীতে গত ২৬ জুলাই চাষিদের কাছ থেকে বর্গাচাষের জমির টাকা নিতে আসেন। টাকা নিয়ে ফেরার সময় ২৭ জুলাই তিনি নিখোঁজ হন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় লোকজন ফাঁসিয়াখালীর ত্রিশডেবা মারমাপাড়া এলাকার বাসিন্দা মংচাচিং মারমাকে আটক করে গত ৩০ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। গতকাল পুলিশের জেরার মুখের মাংরউ ম্রোকে হত্যার কথা স্বীকার করেন মংচাচিং। এরপর গত সোমবার রাতে তাঁকে নিয়ে অভিযানের পর পুলিশ মাংরউয়ের মস্তক বিহীন লাশ উদ্ধার করে। গতকাল মঙ্গলবার মংচাচিং মারমাকে আসামি করে লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
লামা থানার উপপরিদর্শক মো. কামাল হোসেন বলেন, ত্রিশডেবা মারমাপাড়ার অংথোয়াই মারমার ছেলে মংচাচিং মারমাকে রোববার রাতে এলাকাবাসী আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। টাকার লোভে মাংরউকে খুন করেছেন বলে মংচাচিং মারমা স্বীকার করেছেন।