লামায় ওয়ার্ড আ.লীগ নেতাকে অপহরণ, মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে সাবেক এক ইউপি সদস্যকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে ইউনিয়নের লম্বাশনখোলা গ্রামের বাড়ি থেকে তাঁকে অপহরণ করা হয়। অপহৃত নূরুল আবছার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পরিবারের সদস্যরা জানান, অপহরণকারীরা তাঁদের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
পুলিশ জানায়, অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারে লামা ও চকরিয়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালচ্ছে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১৮-২০ জনের সশস্ত্র ডাকাত দল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ইউনিয়নের লম্বাশনখোলা গ্রামে হানা দেয়। তারা গ্রামের কয়েকটি বাড়িতে লুটপাট চালায়। বাড়ির দরজা ভেঙে সাবেক ইউপি সদস্য নূরুল আবছারকে ধরে নিয়ে যায়।
অপহৃত নূরুল আবছারের ছেলে মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকরসহ ঘরের মূল্যবান জিনিস নিয়ে গেছে। তাঁর বাবাকে ধরে নিয়ে যাওয়ার সময় বিষয়টি পুলিশকে না জানাতে তাঁদের শাসানো হয়। ১০ লাখ টাকা মুক্তিপণ দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে ডাকাতেরা বলে যায়। তবে গতকাল সকালে ডাকাতেরা মুঠোফোনে তাঁদের জানায়, ১০ লাখ নয়, আট লাখ মুক্তিপণ দিলেই ছেড়ে দেওয়া হবে।
ফাঁসিয়াখালী মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) মংথুই প্রু মারমা বলেন, ফাঁসিয়াখালী, নাইক্ষ্যংছড়ির বাইশারি, রামুর খুটাখালী ও চকরিয়ার ঈদগাঁও ইউনিয়নের সীমান্তে ডাকাত দল সক্রিয়।
লামা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ নূর বলেন, অপহৃত নূরুল আবছারকে উদ্ধারে তল্লাশি চলছে। স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে সহযোগিতা করছে।