লামায় চার দিনে আদিবাসী তিন ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলায় জলবসন্ত ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সংরুং ম্রো নামের আরও এক আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার তার দুই ভাইবোনের হয়।উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন পাড়ায় জলবসন্তের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতকাল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন শিশু-কিশোরকে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সংরুং ম্রোকে গত বৃহস্পতিবার মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সকালে সে মারা যায়। তার বাড়ি উপজেলার আমতলী পাড়ায়। জলবসন্ত ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মেনক্রে ম্রো (৬) ও সংচাই ম্রো (২) নামের তার দুই ভাইবোনের মৃত্যু হয়।সংরুং ম্রোর ও তার দুই ভাইবোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে ২৮ জন শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া দুর্গম পাড়াগুলোতে চারটি চিকিৎসা দল পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে আলীকদম উপজেলায় দুর্গম পোয়ামুহুরি, ইন্দু-সিন্ধু এলাকায় জলবসন্ত, হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৭ জন ম্রো আদিবাসী শিশু ও নারীর মৃত্যু হয় বলে সরকারি সূত্রে জানানো হয়। তবে স্থানীয় মানুষের দাবি, এ সংখ্যা আরও অনেক বেশি।