লামায় ট্রাক উল্টে নিহত ৭
বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কে গতকাল সকালে গ্রামীণফোনের টাওয়ার নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাক উল্টে সাত শ্রমিক নিহত হন।
লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে নির্মাণসামগ্রী ও ১৭ জন শ্রমিক নিয়ে ট্রাকটি মিরিঞ্জা পাহাড়ের দিকে যাচ্ছিল। ইয়াংসা বাজারের কাছাকাছি একটি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে নির্মাণসামগ্রীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পুলিশ ও সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং ১০ জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।
লামা থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আলম বলেন, নিহত ব্যক্তিরা হলেন আবতাফ উদ্দিন, আমজাদ হোসেন, রবিন, রাজিব, রাকিব হাসান, হাসান ও আলেখ। ইয়াংসা পুলিশ ফাঁড়ির এএসআই ত্রিপন চাকমা বলেন, আহত শ্রমিকদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সবার বাড়ি সাতক্ষীরা ও পাবনায়। ট্রাকচালক বেলাল হোসেন পালিয়ে গেছেন।