লামায় তিন আদিবাসী হত্যায় জড়িত ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ
বান্দরবানের লামা উপজেলায় শিশুসহ তিন মারমা আদিবাসীকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) উদ্যোগে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ওই সমাবেশ হয়। সমাবেশে হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন আবু মুসার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন বিএমএসসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উবাথোয়াই মারমা। বিএমএসসির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সভাপতি তৌহিদ টিপু, বাংলাদেশ গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক হাসান মারুফ ও ছাত্র ফেডারেশন সহপ্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতারা।এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে তিন আদিবাসী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। সমাবেশে অবিলম্বে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নসহ বাঙালি বসতি স্থাপনকারীদের সমতলে পুনর্বাসনের দাবি জানানো হয়।গত শনিবার বান্দরবানের লামায় সিলেরতুয়া নাইক্ষ্যংঝিরি আগায় জুমঘরে একই পরিবারের সদস্য অংসাউ, তাঁর পুত্রবধূ হ্লামেচিং ও নাতি মংনুচিংকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আবু মুসা।