লামায় নাগরিক কমিটির পরিদর্শনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বান্দরবানের লামায় সম্প্রতি ঢাকা থেকে যাওয়া নাগরিক প্রতিনিধিদলের ওই অঞ্চল পরিদর্শনের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ম্রো জাতিগোষ্ঠীর কয়েকজন। আজ বুধবার তাঁরা সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান।
৬ মে ঐক্য ন্যাপ নেতা পঙ্কজ ভট্টাচার্যের নেতৃত্বে লামায় ভূমি দখল সরেজমিনে পরিদর্শনে যায় নাগরিক প্রতিনিধিদলটি। পরে তারা সেখানে বাধা পেয়ে ফিরে আসে। পরদিন ঢাকায় ওই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে দলটি।
আজ লামা পৌরসভার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢেঁকিছড়া লামারপাড়ার মেনরুম ম্রো। আরও উপস্থিত ছিলেন আলীকদমের য়ুংলক ম্রো, ঢেঁকিছড়া লামারপাড়া কার্বারী (পাড়াপ্রধান) রুমতুই ম্রো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও ব্যানারে কোনো সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।
লিখিত বক্তব্যে মেনরুম ম্রো বলেন, ৬ মে ঐক্য ন্যাপের প্রতিনিধি লামায় আসার ব্যাপারে তাঁদের জানা ছিল না। তাঁরা পূর্বঘোষণা অনুযায়ী সেদিন চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছিলেন। এ জন্য ওই প্রতিনিধিদল লামায় প্রবেশ করতে পারেনি।