লামায় নিলাম জালিয়াতি!
বান্দরবানের লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে নিলাম জালিয়াতি করে পুরোনো পাঠ্যবই পাচারের সময় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না করে গতকাল শুক্রবার তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।তবে তিন টন দেখিয়ে নিয়ে যাওয়া ১৩ টন বই উদ্ধার করে তাঁদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা আদায় করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, কয়েকজন শিক্ষকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুরোনো পাঠ্যবই বোঝাই একটি ট্রাক ও দুজনকে লামা-চকরিয়া সড়কে আটক করা হয়। গোপনে নিলাম দেখিয়ে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ওই বই পাচার করা হচ্ছিল বলে ইউএনও জানিয়েছেন। লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার পাচারের কথা অস্বীকার করে বলেছেন, জেলা দপ্তর থেকে ১৫ এপ্রিল পুরোনো বই নিলাম দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ওজন না করে অনুমানের ভিত্তিতে দুই হাজার ৭৮১ কেজি ধরে নিলামদারকে বইগুলো দেওয়ায় পরিমাণে বেশি ব্যবধান হয়েছে বলে তিনি স্বীকার করেন। নিলামদার সোহেল অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধি মোহাম্মদ ইউছুপ বলেন, তাঁরা প্রতিকেজি ১৫ দশমিক ১০ টাকা দরে ৪২ হাজার টাকা নগদ পরিশোধ করে পুরোনো বইগুলো নিয়ে যাচ্ছিলেন। কয়েকজন শিক্ষক টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তাঁরা সমস্যা সৃষ্টি করেছেন। পরে ওজন করে পাওয়া ১৩ হাজার ২১৯ কেজি বইয়ের জন্য এক লাখ ৯৯ হাজার টাকা পরিশোধ করার পর তাঁদের আটক থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ইউছুপ জানিয়েছেন। লামা উপজেলা চেয়ারম্যান মো. ইসমাইল ও ইউএনও হেলাল উদ্দিন অভিযোগ করেন, জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে গোপনে নিলাম ডাকা হয়েছে। নিলামের ব্যাপারে উপজেলার কাউকে অবহিত করা হয়নি। আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না হলেও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে জানানো হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।