লামায় বন্যায় শতকোটি টাকার ক্ষতি!
বান্দরবানের লামা উপজেলায় প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৭ জুন জেলা প্রশাসক বরাবর পাঠানো ক্ষয়ক্ষতির প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনটি পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। ইউএনও সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, কয়েক দিনের টানা বর্ষণে লামা উপজেলাধীন একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এগুলো হচ্ছে: লামা পৌরসভা এবং ফাইতং, আজিজনগর, ফাসিয়াখালী, সরই, গজালিয়া, লামা সদর ও রূপসীপাড়া ইউনিয়ন। এই এলাকাগুলোতে ৮১ কিলোমিটার পাকা রাস্তা এবং ১৬০ কিলোমিটার কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৯০ হাজার ৫০ জন। এর মধ্যে খুব বেশি ক্ষতির শিকার হয়েছে ২৮ হাজার ৯২৫ জন এবং আংশিক ক্ষতির শিকার ৬১ হাজার ১২৫ জন। ক্ষয়ক্ষতির নিরূপণ ফরমে দেওয়া তথ্যমতে, ফাইতং ইউনিয়নে পাহাড়ধসে ২৪ জন এবং রূপসীপাড়া ইউনিয়নে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২৮ জন। বন্যায় বিধ্বস্ত হয়েছে পাঁচ হাজার ৭৮৫টি ঘরবাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা ১২ হাজার ২২৫টি। বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে; পুকুরের মাছ ভেসে গেছে; বন ও ফসলাদি বিনষ্ট হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, কেয়াং ও গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও মৎস্য খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা। লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, বন্যাদুর্গত এলাকায় সরজমিনে ঘুরে এ তালিকা তৈরি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য এ পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে ১১২ মেট্রিক টন চাল ও নগদ সাত লাখ ২০ হাজার টাকা।