লামায় বালু লুটের চেষ্টা, দুজনকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ছড়া বালুমহাল থেকে একদল দুর্বৃত্ত গতকাল শুক্রবার বালু লুটের চেষ্টা চালায়। এ সময় বাধা দেওয়ায় দুজনকে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।আহত ব্যক্তিরা হলেন মো. সোহেল (২৮) ও মো. ওসমান (৩৬)। তাঁদের বাড়ি ফাঁসিয়াখালী এলাকায়। তাঁদের প্রথমে লামা ও পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলার ফাঁসিয়াখালী ছড়া বালুমহালের ইজারাদার এস এম আবু তাহের প্রথম আলোকে বলেন, হারগাজা, বগাইছড়ি ও ফাঁসিয়াখালী ছড়া থেকে ৩০ হাজার ঘনফুট বালু উত্তোলনের জন্য তিনি গত ১৩ ডিসেম্বর ইজারা নেন। কিন্তু এর পর থেকে একটি সংঘবদ্ধ চক্র ফাঁসিয়াখালী ছড়া থেকে বালু লুটে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে চকরিয়া উপজেলার ২০-২৫ জনের একটি সশস্ত্র দল ফাঁসিয়াখালী ছড়া থেকে বালু লুটের চেষ্টা চালায়। এ সময় ইজারাদারের পক্ষে সোহেল ও ওসমান বাধা দিলে দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও বেলচা দিয়ে পিটিয়ে তাঁদের জখম করে। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চকরিয়া যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।