লামায় বিএনপির মাম্যাচিং-জাবেদ পক্ষের সভার অনুমতি মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলায় পূর্ব নির্ধারিত সভা ও সদস্য সংগ্রহের কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। মাম্যাচিং ও জাবেদ রেজার নেতৃত্বাধীন বান্দরবান জেলা বিএনপির ওই কর্মসূচি গতকাল সোমবার লামা উপজেলা সদরের টাউন হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দলের বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ সভার অনুমতি দেয়নি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিএনপির দুপক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ছিল। গত রোববার রাতেও যুবদলের একটি পক্ষ ম্যামাচিং-জাবেদের কর্মসূচি বর্জনের ডাক দিয়েছে। এ জন্য তাঁদের লামা উপজেলা টাউন হলে সমাবেশ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বান্দরবান জেলা বিএনপির এই কর্মসূচি সম্পর্কে জানেন না বলে দাবি করেছেন লামা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। লামা বিএনপির সভাপতি আমির হোসেন বলেন, মাম্যাচিং ও জাবেদ রেজা লামায় আসার বিষয়টি তাঁরা শুনেছেন আওয়ামী লীগের নেতাদের কাছে। কিন্তু এ ব্যাপারে জেলা কমিটি তাঁদের কিছু জানায়নি।

বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা জানান, বান্দরবান জেলা বিএনপিতে বিভক্তি দীর্ঘদিনের। জেলা বিএনপির একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন সাচিংপ্রু জেরি ও অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন মাম্যাচিং। তাঁরা দুজনই বোমাং রাজপরিবারের প্রভাবশালী সদস্য। পারিবারিক সম্পর্কে তাঁরা মামি-ভাগনে।  বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং বলেন, প্রশাসনের অনুমতি না পাওয়ায় তাঁরা লামায় সমাবেশ করতে পারেননি। বিএনপিতে দুই পক্ষের কোনো দ্বন্দ্ব নেই।