লামায় ভিজিডির চাল খোলা বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলা সদর বাজারের একটি দোকান থেকে গতকাল বুধবার দুঃস্থ নারীদের উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির ১৮৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। চালগুলো কীভাবে বাজারে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ভিজিডির চাল খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ।

লামা বাজারের স্থানীয় লোকজন জানান, বুধবার দুপুরে লামা বাজারের কেন্দ্রীয় হরি মন্দির এলাকার রনি স্টোরে সরকারি চালের বস্তা থেকে সাধারণ বস্তায় চাল ঢুকানো হচ্ছিল। সন্দেহ হলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন।

লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল বলেন, রনি স্টোর থেকে দুই ধরনের চালের বস্তা পাওয়া গেছে। এক ধরনের বস্তায় ‘ভিজিডি কর্মসূচির আওতায় মহিলাদের জন্য খাদ্যশস্য’ ও আরেক ধরনের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা রয়েছে। দুই ধরনের বস্তাতেই খাদ্য অধিদপ্তরের সিল দেখা গেছে। সন্দেহ হওয়ায় ওই ১৮৪ বস্তা চাল দোকানে সিলগালা করে রাখা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চালগুলো ছেড়ে দেওয়া হবে।

রনি স্টোরের মালিক রনি কর্মকার প্রথম আলোকে বলেন, তিনি চালগুলো আলীকদমের ব্যবসায়ী আব্দুর রহিমের কাছ থেকে কিনেছেন। এ ব্যাপারে আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তিনি রেশনের চাল কিনেছেন। চাল কেনার কাগজপত্র নিয়ে গত মঙ্গলবার তিনি আলীকদম খাদ্যগুদামে যান। সেখান থেকে পাওয়া চালের বস্তা রনি কর্মকারের কাছে বিক্রি করেন। তাঁর কাছে কাগজপত্র রয়েছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু বলেন, আব্দুর রহিমকে তাঁর দাবির সপক্ষে প্রমাণ আনতে বলা হয়েছে। তিনি বৈধভাবে কিনেছেন প্রমাণ হলে চালগুলো ফেরত দেওয়া হবে। রেশনের চাল দেওয়ার সময় কেন ভিজিডির চাল দেওয়া হলো সে বিষয়ে খাদ্যগুদামের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ ব্যাপারে আলীকদম খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মংহ্লা প্রু এর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী বলেন, আলীকদমের খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁকে জানিয়েছেন সম্ভবত রেশনের চালের সঙ্গে ভুলক্রমে কিছু ভিজিডি চালের বস্তা দেওয়া হয়েছে। তবে আলীকদমে ভিজিডি চাল মজুত রয়েছে কিনা জানতে চাইলে তিনি জানাতে পারেননি।