নাগরিক প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে অভিযোগ
লামায় ভূমি বেদখল সরেজমিন পরিদর্শনে বাধা একটি বাহিনীর ইন্ধনে
বান্দরবানের লামায় ভূমি বেদখল সরেজমিন পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদলকে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে নাগরিক প্রতিনিধিদল। আজ রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, নাগরিক প্রতিনিধিদলের সরেজমিন পরিদর্শন প্রতিরোধ করতে একটি বাহিনীর ইন্ধনে সাম্প্রদায়িক কিছু সেটেলার বাঙালিদের দিয়ে অবরোধ কর্মসূচি পালন করানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, অবরোধে কিছু ম্রো গ্রামবাসীকে আনা হয়। ভাড়াটে লোক ডেকে এনে ব্যানারসহ তাঁদের দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছে। একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় বহিরাগত ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক পাহাড়িদের ভূমি বেদখল ও পাহাড়ি গ্রাম উচ্ছেদকে আড়াল করতে এ অবরোধের নাটক সাজানো হয়েছে।
সংবাদ সম্মেলনে চারটি দাবি করেছে নাগরিক প্রতিনিধিদল। এর মধ্যে রয়েছে নাগরিক প্রতিনিধিদলকে যারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক পাহাড়িদের বেদখল ভূমি ফেরত দেওয়া ও পার্বত্য চুক্তি মোতাবেক ভূমি ইজারা বাতিলপূর্বক ভূমি বেদখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামকে বেসামরিকীকরণ বাস্তবায়ন করা, পার্বত্য ভূমি কমিশনের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ, জনবল নিয়োগ, রাঙামাটি ও বান্দরবান জেলায় শাখা অফিস স্থাপন এবং কমিশনের কার্যপ্রণালি বিধিমালা চূড়ান্তকরণ, ভূমি বিরোধ নিষ্পত্তি আইন অনুযায়ী অচিরেই পার্বত্য অঞ্চলের ভূমি বিরোধ নিষ্পত্তি করা।
সংবাদ সম্মেলনে সমাপনী বক্তব্য দেন সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, একজন ব্যক্তির সাংবিধানিকভাবে চলাফেরার অধিকার আছে। বাধা দেওয়ার মাধ্যমে তা হরণ করা হয়েছে। এটা মানবাধিকারের লঙ্ঘন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ও প্রতিনিধিদলের সদস্য ও সংবাদ সম্মেলনের সঞ্চালক নোমান আহম্মদ খান।