লামায় রাবার বাগান শ্রমিকদের কর্মবিরতি শুরু
বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রাবার বাগানের শ্রমিকেরা গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। মাসিক ন্যূনতম বেতন সাত হাজার টাকা করাসহ ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রায় ৪০০ রাবার বাগানের এক হাজার ২০০ শ্রমিক কাজে যোগ দেবেন না বলে শ্রমিকনেতারা জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফাসিয়াখালী ইউনিয়নের রাবার শ্রমিকেরা বেশ কয়েক মাস ধরে বেতন-ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছেন। স্থানীয় রাবার শ্রমিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, বাগান মালিকেরা একজন শ্রমিককে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা বেতন দিয়ে থাকেন। তাই বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। রাবার বাগান মালিক সমিতির সদস্য দীন মোহাম্মদ শ্রমিকদের কর্মবিরতি পালনের বিষয়টি স্বীকার করে বলেন, দাবিদাওয়ার ব্যাপারে শ্রমিকেরা আগে মালিকদের জানাননি। এ ব্যাপারে রাবার বাগান মালিক সমিতির নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁদের পাওয়া যায়নি।