লামায় শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গতকাল সোমবার শিক্ষকের দাবিতে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী কাছে স্মারকলিপি দিয়েছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে দেওয়া স্মারকলিপিতে শিক্ষকসংকটে প্রায় অচল হয়ে পড়া বিদালয়টিতে অবিলম্বে শিক্ষক দেওয়া না হলে বৃহত্তর কর্মসূিচ দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।
ইউএনও শামসুন্নাহার স্মারকলিপির কথা স্বীকার করে বলেছেন ছাত্রছাত্রীদের দাবি অত্যন্ত যৌক্তিক। শিক্ষকের সংকটে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সকাল ১০টায় ছাত্রছাত্রীরা বিদ্যালয় ত্যাগ করে লামা উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ এলাকায় এসে জড়ো হয়। তারা সেখানে মানববন্ধন শেষে শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করে। এ সময় ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবক ও লামা সর্বস্তরের লোকজনও মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন। স্মারকলিপিতে বলা হয়েছে শিক্ষক ও অবকাঠামোগত সংকটে বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ছে। বিষয়ভিত্তিক শিক্ষকের পরিবর্তে ভিন্ন বিষয়ের শিক্ষকেরা পাঠদান করায় তারা মানসম্মত শিক্ষা অর্জন করতে পারছে না। ছাত্রছাত্রীরা বলেছে, প্রায় দুই দশকের বেিশ সময়ের আগে নির্মিত বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ অধিকাংশ অবকাঠামো এখন ঝুঁকিপূর্ণ হয়েছে। তা ছাড়া জনসংখ্যা বৃদ্ধির কারণে ছাত্রছাত্রীর সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয়ের অবকাঠামো অপর্যাপ্ত হয়ে পড়েছে।
বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকেরা বলেছেন, প্রায় তিন বছর ধরে উপজেলার একমাত্র সরকারি বিদ্যালয়টিতে শিক্ষকসংকট চলে আসছে। ২৭ জন শিক্ষক পদে বর্তমানে মাত্র ১০ জন শিক্ষক কর্মরত রয়েছেন। ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান ও বাণিজ্য শিক্ষায় কোনো শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকেরা পাঠদান কার্যক্রম চালাচ্ছেন। ইংরেজি বিভাগের একজন শিক্ষককে পদায়ন করা হলেও তিনি দীর্ঘদিন ধরে প্রেষণে চট্টগ্রামে রয়েছেন।
লামা সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমর কান্তি বড়ুয়া বলেছেন, শিক্ষক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার লেখালেখি হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। শিক্ষকসংকটে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শ্রেণিকক্ষ ত্যাগ করে মানববন্ধন ও স্মারকলিপি দিতে গেলেও তাঁদের করার কিছু ছিল না।