লামায় সন্ত্রাসীদের নিয়ে লুটপাটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে আসামি ধরার নাম করে সন্ত্রাসীদের নিয়ে পুলিশ একটি পরিবারের ঘরে ঢুকে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে লামা উপজেলার সরই ইউনিয়নে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, ইউনিয়নের আন্ধারি পাড়ার পাঁচ ভাই মো. ইসলাম, বদিউল আলম, লোকমান, জাহাঙ্গীর ও ফরিদুল পাশাপাশি বাড়িতে বাস করেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে দুটি গাড়ি নিয়ে লোহাগাড়া থানার পুলিশ ও সন্ত্রাসীরা তাঁদের বাড়িতে যায়।মো. ইসলাম জানান, পুলিশ আসছে দেখে তাঁরা পাঁচ ভাই বাড়ি থেকে পালিয়ে যান। পুলিশ ও সন্ত্রাসীরা ডাকাডাকি করে তাঁদের না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায়। এ সময় বদিউল আলমের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। নারী ও শিশুদের চিৎ কারে গ্রামবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।মো. ইসলাম জানান, তাঁদের পরিবারের সঙ্গে লোহাগাড়া থানার প্রভাবশালী রাজা মিয়া ও এনশাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। সন্ত্রাসী ও পুলিশ সদস্যরা ১০ ভরি স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছেন বলে তিনি অভিযোগ করেন।তবে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আমিন অভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ একটি চুরির মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়েছিল। কিন্তু স্থানীয় লোকজনের বাধায় তা সম্ভব হয়নি।বান্দরবানের পুলিশ সুপার (এসপি) কামরুল আহসান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।