লামায় স্বামী-স্ত্রীকে গুলি করে ও কুপিয়ে হত্যা
বান্দরবানের লামা উপজেলার গজালিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বুধবার স্বামী-স্ত্রী দুজনকে গুলি করে ও দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করলেও হত্যাকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে আটটার দিকে আঁকিরাম ত্রিপুরাপাড়ার ফ্রান্সিস ত্রিপুরা (৪৫) ও তাঁর স্ত্রী হাস্ততি ওরফে মুকিমা ত্রিপুরার (৪০) ওপর জমিতে কাজ করার সময় হামলা চালানো হয়। তাঁদের বাড়ি লামা উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে গজালিয়া ইউনিয়নের আঁকিরাম ত্রিপুরাপাড়ায়।
আঁকিরামপাড়ার বাসিন্দা গজালিয়া ইউপি সদস্য রুমেল ত্রিপুরা জানিয়েছেন, আগাছা দমনের জন্য ফ্রান্সিস ও মুকিমাপাড়া থেকে প্রায় এক কিলোমিটার দূরে জমিতে যান। সেখানে কাজ করার সময় কাশি ত্রিপুরা, ডাগেহা ত্রিপুরা, অতিরাম ত্রিপুরা ও হালিরাম ত্রিপুরা তাঁদের আক্রমণ করেন। তাঁরা ফ্রান্সিস ত্রিপুরাকে দা দিয়ে কুপিয়ে ও মুকিমাকে মাথায় গুলি করে হত্যা করেন। যে জমিতে তাঁদের হত্যা করা হয়েছে, সেই জমি নিয়ে ডাগেহা ত্রিপুরার সঙ্গে ফ্রান্সিস ত্রিপুরার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ডাগেহা ত্রিপুরা ওই জমি তাঁর এবং ফ্রান্সিস ত্রিপুরা তা বেদখল করেছেন দাবি করে আসছিলেন।
গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা ঘটনাস্থল থেকে ফ্রান্সিস ত্রিপুরার ছেলে অনারাং ত্রিপুরার উদ্ধৃতি দিয়ে বলেছেন, তাঁর (অনারাংয়ের) মা-বাবাকে হত্যার সময় দূরে থেকে লুকিয়ে দেখেছিলেন। পরে কাশি ত্রিপুরার বাড়ি থেকে রক্তাক্ত দা ও অবৈধ গাদা বন্দুকের নল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে কাশি ত্রিপুরাসহ ওই চারজন গা ঢাকা দিয়েছেন বলে পাড়াবাসী জানিয়েছেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান ভূঁইয়া বলেছেন, মরদেহের একটিতে গুলি ও অপরটিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রতিবেশীদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ফ্রান্সিস ও মুকিমা ত্রিপুরার হত্যাকাণ্ড ঘটিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি জানিয়েছেন।