লামায় সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
বান্দরবানের লামায় গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শহীদুল ইসলাম (৩৫) ও মুন্নী বেগম (২০)। তাঁরা দুজনই শ্রমজীবী। জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, সকাল সাড়ে সাতটার দিকে লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের ফাসিয়াখালী ইউনিয়নের কুমারী বাজার এলাকায় শহীদুল ইসলাম (৩৫) একটি চাঁদের গাড়িতে জ্বালানি কাঠ বোঝাই করছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে জ্বালানি কাঠ বোঝাই চাঁদের গাড়িকে ধাক্কা দেয়। চাঁদের গাড়িটি উল্টে শহীদুলের ওপর পড়ে। এতে তাঁর মৃত্যু হয়।ফাসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য মোহামঞ্চদ আলমগীর জানান, ওই ঘটনার আগে ভোরে কাঠ সংগ্রহ করে বাড়ি ফেরার সময় কুমারী বড় শণখোলা এলাকায় দ্রুতগামী একটি চাঁদের গাড়ির ধাক্কায় মুন্নী বেগম আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মুন্নীর মৃত্যু হয়। লামা থানার উপপরিদর্শক হেলাল উদ্দিন জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছেন। চালকেরা দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।