লামায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
লামা-চকরিয়া সড়কের বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় পাথরবোঝাই একটি ট্রাক লামা থেকে চকরিয়ার দিকে যাচ্ছিল। মিরিঞ্জা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সড়কের পাশের কামাল হোসেনের দোকানের ওপর দিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় দোকানে থাকা কামাল হোসেনের মেয়ে কাজলমণি (৬) এবং মুক্তার আহমদ (৬০) নামের এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনায় বেলাল (৩৫), সাত্তার (৫৫) ও আবদুল মালেক (৪২) নামের তিন ব্যক্তি আহত হন। ট্রাকের চালক ও তাঁর সহকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।
লামা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ নূর গতকাল রাত আটটার দিকে বলেন, আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চকরিয়ার একটি ক্লিনিকে পাঠানো হয়েছে। পাহাড়ি খাদে আর কেউ আছেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য তল্লাশি চালানো হচ্ছে।