বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাতটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ বন্য হাতির আক্রমণের আতঙ্কে দিন কাটাচ্ছে। কারণ বন্য হাতির আক্রমণে গত ২৪ দিনে এ এলাকায় পাঁচজন মারা গেছে। হাতির আক্রমণ ঠেকাতে বর্তমানে এলাকাবাসী রাতে মশাল জ্বালিয়ে পালা করে পাহারা দিচ্ছেন। সরেজমিন ওই এলাকায় গিয়ে জানা গেছে, গত এক মাস ধরে মেশিবাতলী পাড়া, নোয়াপাড়া, রাঙ্গাঝিরি, রামছড়ি, লম্বা শিয়া, হরিণখাইয়া ও বড় মুসলিম পাড়ায় ৬০ থেকে ৭০টি বন্য হাতি বিভিন্ন দলে ভাগ হয়ে পাড়ায় পাড়ায় হামলা চালাচ্ছে। দিনে এসব হাতি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার নলবিলা, কাকারা ও মানিকপুরের সংরক্ষিত বনাঞ্চলে অবস্থান নেয় এবং সন্ধ্যা হলেই গ্রামে গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। এলাকাবাসী জানায়, গত বুধবার বড় মুসলিম পাড়ার শাহারুখ বেগম (৩৫) ও তাঁর মেয়ে ইয়াসমিন (২), গত ২৯ ডিসেম্বর আইয়ুব আলী (৪৫), ১৫ ডিসেম্বর আবুল কাশেম (৩৭) ও তাঁর ছেলে রাশেদ মিয়া (৪) হাতির আক্রমণে মারা গেছে। বড় মুসলিম পাড়ার বদিউল আলম (৪৫) জানান, বন্য হাতি আগুন দেখলে ভয় পায়। তাই তাঁরা রাতে পালা করে মশাল নিয়ে পাহারা দিচ্ছেন। কিন্তু একটি পাহাড়ে পাহারা বসালে হাতির দল আরেকটি পাহাড়ে গিয়ে হামলা চালাচ্ছে। এতে হাতি তাড়ানো দুষ্কর হয়ে পড়েছে।গৃহবধূ হুরে জান্নাত (৪৫) জানান, সন্ধ্যা নামলেই ছেলেমেয়েদের নিয়ে তিনি ঘরে ঢুকে পড়েন। কোনো মতে খাওয়া-দাওয়া সেরে সন্তানদের ঘুম পাড়ানোর চেষ্টা করেন। আর স্বামী ইদ্রিস আহমদ গ্রামবাসীর সঙ্গে পালা করে পাহারা দেন। হাতি-আতঙ্কে গত কয়েক দিনে তাঁর ঘুম হয়নি। তাঁর মতো ওই এলাকার অধিকাংশ পরিবারের একই অবস্থা। আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শামসুল আলম জানান, গত এক মাসে হাতির দল এলাকার কমপক্ষে ৫০টি বসতঘর গুঁড়িয়ে দিয়েছে। স্থানীয় ফাইতং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) ফজলুল করিম জানান, হাতি তাড়ানোর জন্য আমাদের কোনো বিশেষ ব্যবস্থা না থাকায় কিছুই করতে পারছি না।লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাঈল জানান, হাতির আক্রমণ রোধে প্রশাসনের তরফ থেকে উপায় খোঁজা হচ্ছে। আর হাতির আক্রমণে ইতিমধ্যে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। লামার বিভাগীয় বন কর্মকর্তা এস এম জহির উদ্দিন আখন্দ বলেন, ‘হাতির আক্রমণ ঠেকাতে জনসচেতনতা সৃষ্টিতে তাঁরা ব্যবস্থা নিয়েছেন।’