লামায় হাতির আক্রমণে কৃষক নিহত
বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালীতে গত শুক্রবার রাতে হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। ধানখেতে নেমে আসা হাতির পাল তাড়ানোর পর পালিয়েছে ধারণায় খেতের ক্ষয়ক্ষতি দেখতে গিয়ে একটি হাতি তাঁকে ধরে শুঁড়ে পিষিয়ে ও পদদলিত করে হত্যা করেছে বলে গতকাল রোববার এলাকার লোকজন জানিয়েছেন।
ফাসিয়াখালীর বাসিন্দা মুসলিম উদ্দিন জানিয়েছেন, রাতে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের দিক থেকে একপাল হাতি ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশি পাড়া এলাকার ধানের খেতে ঢুকে পড়ে। এলাকাবাসী টর্চলাইট, মশাল জ্বালিয়ে ও টিন পিটিয়ে হাতির পালকে তাড়ানোর চেষ্টা করেন। হাতি পালিয়েছে ধারণা করে কৃষক রশিদ আহমদ (৫৫) ধানখেতের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে যান। এ সময় পলায়নরত একটি হাতি পেছনে ফিরে এসে তাঁকে ধরে ফেলে। এ সময় তাঁর বাঁচাও বাঁচাও আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে যান। কিন্তু তাঁরা পৌঁছার আগেই হাতিটি শুঁড়ে পেঁচিয়ে ও পদদলিত করে তাঁকে হত্যা করে পালিয়ে যায়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেছেন, রশিদ আহমদের লাশ উদ্ধার করা হয়েছে। আত্মীয়স্বজনের আবেদনে কোনো ময়নাতদন্ত না করে দাফনের জন্য দেওয়া হয়েছে।