লামায় ২২ টন গম উদ্ধার, খাদ্যগুদামের কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় গত বৃহস্পতিবার উপজেলা খাদ্যগুদাম থেকে ট্রাকে তোলার সময় ২২ টন গম উদ্ধার করা হয়েছে। এসব গম পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলা খাদ্যগুদাম থেকে পাচারের উদ্দেশে দুটি ট্রাকে গম বোঝাই করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ গমবোঝাই ট্রাক দুটি আটক করে গম উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপীনাথ দে, খাদ্য পরিদর্শক সুবল চন্দ্র বড়ুয়া, চাল ব্যবসায়ী আবিদুর রহমান, ট্রাকচালক ফরিদুল আলম, ছোট্ট মিয়া, চালকের সহকারী নূরুল আমিন ও এরশাদকে গ্রেপ্তার করা হয়।ব্যবসায়ী আবিদুর জানান, তিনি লামা পৌরসভার প্যানেল মেয়র দিদারুল আলমের কাছ থেকে এসব গম কিনেছেন। দিদারুল টিআরের গম বিক্রির কথা স্বীকার করে বলেন, প্রকল্পের কাজ করার জন্য সব বিধিবিধান অনুসরণ করে ১৯ টন গম বিক্রি করেছেন। বাকি তিন টনের ব্যাপারে তিনি কিছু জানেন না। জেলা খাদ্য কর্মকর্তা কায়সার আহমেদ ও গ্রেপ্তার হওয়া গোপীনাথ দে দাবি করেন, অর্থবছরের শেষ দিনে সরবরাহের আদেশ (ডেলিভারি অর্ডার বা ডিও) বেশি থাকায় সবাইকে নির্ধারিত সময়ে গম সরবরাহ করা সম্ভব হয়নি। কিন্তু অফিসের নির্ধারিত সময়ে যাঁরা এসেছিলেন, বিধি অনুযায়ী তাঁদের মধ্যে শুধু খাদ্যশস্য সরবরাহ দেওয়া হয়। এতে কোনো অনিয়ম হয়নি।