লামায় ২৫০ ম্রো আদিবাসী পরিবার হুমকির মুখে
বান্দরবানে লামা উপজেলার লুলাইং ও লেমুপালংয়ে কাঠ পাচারকারী ও তাদের ২৬টি হাতির উৎপাতে ২৫০টি ম্রো পরিবারের জীবন-জীবিকা ধ্বংসের মুখে পড়েছে। স্থানীয় গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) বাথোয়াইসিং মারমা বলেন, কাঠ পাচারকারী ও ভূমিদস্যুদের তৎপরতা বন্ধ করা না গেলে ম্রোরা বেশি দিন টিকে থাকতে পারবে না। কিন্তু বিষয়টি বিভিন্ন ফোরামে উত্থাপন করেও কোনো কাজ হচ্ছে না। লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শাহিদ আলী বলেছেন, লুলাইনে হাতি ধরার জন্য অভিযান পরিচালনা করেও মাহুত না পেয়ে হাতি আটক করা সম্ভব হয়নি। গাছ পাচার বন্ধের জন্য সরইবাজারে সেনাবাহিনীসহ যৌথ পরীক্ষণ ফাঁড়ি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। লামার পালংমুখ পাড়ার সাকওয়া ম্রো, কুইছড়া পাড়ার সিংওয়াই ম্রো, ঢেওয়া পাড়ার মেংছং ম্রোসহ বিভিন্ন পাড়ার লোকজন বলেন, চট্টগ্রামের লোহাগাড়ার খোরশেদ, মোর্শেদ ও নওশাদ নামে তিন ভাই তাঁদের জুমের বন ও সৃজিত বাগান থেকে নির্বিচারে কাঠ কেটে পাচার করছেন। তিন ভাইয়ের হাতির উৎপাতে তাঁরা জুম ও বাগান করতে পারছেন না। লুলাইন বাজারে তিন ভাইয়ের প্রধান কেরানি মোহামঞ্চদ ইউছুপ বলেন, লুলাইন ও লেমুপালংয়ের তারাগাছ কেটে নেওয়ার জন্য হেডম্যানের সঙ্গে চুক্তি করেছেন। তাঁরা এলাকার লোকজনের কোনো ক্ষতি করছেন না। হাতি কারও কিছু ক্ষতি করলে তিন গুণ ক্ষতিপূরণ দেওয়া হয়। পানির উৎস দূষিত হওয়ার কথা স্বীকার করে ইউছুপ বলেন, এতে তাঁদের করার কিছু নেই। তবে খোরশেদ গাছ পাচারের কথা অস্বীকার করে বলেছেন, তাঁরা লুলাইন ও লেমুপালংয়ে সাত-আট বছর আগে ব্যবসা করতেন। ইউছুপ এখন তাঁদের কেরানি নন বলে তিনি দাবি করেন। কানফর হেডম্যান ও লুলাইন বাজার চৌধুরী সিংপাত ম্রো বলেন, গত দুই বছরে পাদুখালের কালবর পাড়া থেকে ১৫ পরিবার, উপর মংহ্লা পাড়ার দুই পরিবার ও কচুছড়া পাড়ার তিন পরিবার ম্রো টিকে থাকতে না পারার আশঙ্কায় অন্যত্র চলে গেছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন বলেছেন, লুলাইন ও লেমুপালংয়ে ভূমি দখল, গাছ পাচারসহ সব অভিযোগ সত্য। কিন্তু এলাকাটি দুর্গম হওয়ায় এবং এলাকার লোকজনের সক্রিয় সহযোগিতা না পাওয়ায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।