লামায় ২৭ টন সার জব্দ
বান্দরবানের লামায় আবুল খায়ের তামাক কোম্পানির গুদাম থেকে ২৭ টন বিদেশি ড্যাব (ট্রিপল সুপার ফসফেট সমমানের) সার জব্দ করা হয়েছে। আমদানি ও মজুতের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গুদাম সিলগালা করা হয়। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সারের ডিলারদের অভিযোগের ভিত্তিতে শনিবার লামার সিলেরতুয়া এলাকায় ইউএনও হেলাল উদ্দিনের নেতৃত্বে আবুল খায়ের তামাক কোম্পানির গুদামে অভিযান চালানো হয়। গুদামে যুক্তরাষ্ট্র ও চীনে উৎপাদিত ২৭ টন ড্যাব সারের মজুত পাওয়া যায়। কিন্তু কোম্পানির লোকজন সারের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, কোম্পানিটি বিদেশ থেকে সার আমদানি করতে পারে। কিন্তু লামায় মজুত করা সার কিসের ভিত্তিতে আমদানি করা হয়েছে—উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে এর কোনো নথিপত্র উপস্থাপন করা হয়নি।
জেলা সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, তামাক কোম্পানিগুলোর বৈধ উপায়ে সার আনার কথা থাকলেও অনেক ক্ষেত্রে বৈধ কাগজপত্র ছাড়াই সার আমদানি করে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এতে বৈধভাবে আমদানি করা সার বিক্রি করতে না পেরে ডিলাররা ক্ষতিগ্রস্ত হন।
আবুল খায়ের তামাক কোম্পানির লামা অঞ্চলের ব্যবস্থাপক আবদুর রব বলেন, তাঁরা বৈধ উপায়ে আমদানির পর সার মজুত করেছেন। শিগগিরই বৈধ কাগজপত্র উপস্থাপন করা হবে।