লামায় ৩২ জন রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় অভিযান চালিয়ে ৩২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাঁরা সবাই মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করে লামায় অনুপ্রবেশ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লামা থানার পুলিশ গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গাকে আটক করে। তাঁরা হলেন মো. আবদুল্লাহ, আবু সামা, আবদুল জলিল, ইউনুছ ও মোহাম্মদ ইউনুছ। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।গত রোববার রাতে পুলিশ রূপসীপাড়া, সরই, আমতলীসহ উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২৭ জন রোহিঙ্গাকে আটক করে। তাঁরা সবাই শ্রমজীবী এবং বাসাবাড়িতে দিনমজুরের কাজ করছিলেন বলে পুলিশ জানায়।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন জানান, আটক রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য নাইক্ষ্যংছড়ি বিডিআরের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিআর নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠাবে।স্থানীয় অধিবাসীরা জানান, বান্দরবানের বিভিন্ন উপজেলায় অনুপ্রবেশের অভিযোগে প্রায়ই রোহিঙ্গাদের আটক করা হয়। তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হলেও পরে আবার তাঁরা ফিরে আসেন।