লাল কার্ড দেখার জন্য সরকারকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার অনুষ্ঠিত আলোচনা সভায় তাঁরা এ আহ্বান জানান।বিকেলে ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। তিনি দর্শকসারিতে বসেছিলেন।আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, পৌরসভা নির্বাচনে সরকার ব্যাপক প্রভাব খাটিয়েছে। এরপরও জনগণ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করেছে। পৌরসভা নির্বাচনে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখিয়েছে। তিনি সরকারকে লাল কার্ড দেখার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, দেশের শেয়ারবাজার লুট হয়ে যায়। বিএনপির সরকারের সময় পুঁজিবাজার নিয়ে কখনো এ ধরনের লুটতরাজ হয় না। এর কারণ আমাদের খুঁজে দেখতে হবে।’জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের মন্ত্রিসভায় অদক্ষ মন্ত্রীর সংখ্যা বেশি। মন্ত্রীর দায়িত্ব পালন করতে হলে আইন জানতে হয়, সংবিধান সম্পর্কে ভালো ধারণা রাখতে হয়। কিন্তু বর্তমান মন্ত্রীদের এ সম্পর্কে ধারণা নেই।বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, মাহবুবউল্লাহ প্রমুখ বক্তব্য দেন। আলোচনা শেষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।কবরে শ্রদ্ধাঞ্জলি: বেলা ১১টার দিকে খালেদা জিয়া শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএনপির স্থায়ী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।সেখানে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কারণে পৌরসভা নির্বাচনে বিএনপির বিজয় হয়েছে। সারা দেশে পৌর নির্বাচন সুষ্ঠু হলে ২০০৮ সালের সংসদ নির্বাচনের বিপরীত চিত্র হতো। তিনি বিএনপির দাবি মেনে ১৮টি পৌরসভায় পুনর্নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।আরও কর্মসূচি: জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল জাতীয় প্রেসক্লাবে আলোচনা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে। শহীদ জিয়া আইনজীবী সংসদ বাদ আসর সুপ্রিম কোর্ট বার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সংগঠনের ইনার সার্কুলার রোডের কার্যালয়ে আলোচনা সভা করে। এ ছাড়া ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) কর্মসূচি পালন করেছে।