লাল কালিতে মুছে যাচ্ছে তাদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষে হাজিরা ডাকার সময় নিহতদের নাম মুখে চলে আসে। গত শনিবার হাজিরা ডাকার সময় আবুতোরাব উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছিল কান্নার রোল। তাই শ্রেণীশিক্ষকেরা লাল কালি দিয়ে নিহতদের নাম কেটে দিচ্ছেন।বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ‘খ’ শাখার শ্রেণীশিক্ষক মো. ইউনুস বলেন, ‘এ শাখায় ধ্রুব নাথের রোল নম্বর এক (০১)। ১১ জুলাই ট্রাক উল্টে তার মৃত্যু হয়েছে। শনি ও রোববার হাজিরা ডাকার সময় ধ্রুবসহ নিহতদের নাম মুখে চলে এসেছিল। তাই বাধ্য হয়ে নিহতদের নাম লাল কালি দিয়ে কেটে দিয়েছি। ফলে গতকাল মঙ্গলবার হাজিরা ডাকায় তেমন ভুল হয়নি।’ধ্রুব নাথের মতো আবুতোরাব উচ্চবিদ্যালয়ের ২৭ জন ছাত্রের নাম কলমের লাল দাগে মুছে দেওয়া হয়েছে। গতকাল বিদ্যালয়ে গিয়ে শ্রেণীশিক্ষকদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। ইউনুস অঙ্কের শিক্ষক। তিনি বলেন, ধ্রুবকে দিয়ে তিনি শ্রেণীকক্ষে অঙ্ক করাতেন। সহজ করে অঙ্ক বোঝাতে সে ছিল পারদর্শী। এসব বলতে গিয়ে চোখ মুছলেন ইউনুস।অষ্টম শ্রেণীর ‘খ’ শাখার শ্রেণীকক্ষ কিছুটা ফাঁকা। কারণ ওই শাখার ধ্রুব, আমিন, শরীফসহ ছয়জন ছাত্র মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। সহপাঠীদের হারিয়ে জেসমিন আক্তার, সাজেদারা স্বাভাবিক হতে পারছে না। চিকিৎসকেরা বলছেন, শিক্ষার্থীদের আরও কাউন্সিলিং প্রয়োজন। দিন যাবে, কাউন্সিলিং হবে, নিহতদের নাম বাদ দিয়ে হাজিরা ডাকা হবে। একদিন সবকিছু স্বাভাবিক হয়ে আসবে।গোপাল চন্দ্র দাশ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী। তিনি বলেন, ‘নবম শ্রেণীর ছাত্র আবু সুফিয়ানকে খুব মনে পড়ছে। সে ক্লাসের ফাঁকে প্রতিদিন আমার সঙ্গে দুষ্টুমি করত। যেদিন খেলা দেখতে যাবে, সেদিনও আমার সঙ্গে দেখা হয়েছিল।’ কথা বলতে বলতে মুখে কথা আটকে আসে গোপালের। কাউন্সিলিং চলছে: গতকাল বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাউন্সিলর রেহানা বেগম, আবুতোরাব উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সৈয়দা নাইমা রহমান বিভিন্ন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কাউন্সিলিং করছেন। রেহানা বেগম বলেন, অষ্টম শ্রেণীর ‘খ’ শাখার শিক্ষার্থীদের অবস্থা এখনো অন্য শ্রেণীর তুলনায় খারাপ। ওই শ্রেণীর শিক্ষার্থীদের আরও কাউন্সিলিং প্রয়োজন।এদিকে দুর্ঘটনার নয় দিন পর আবুতোরাব উচ্চবিদ্যালয় পরিদর্শনে আসছেন শিক্ষাসচিব কামাল আবু নাসের। মিরসরাই উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. ইউনুছ জানান, আজ বুধবার সকাল ১০টায় তাঁর মিরসরাই পৌঁছানোর কথা রয়েছে। শিক্ষামন্ত্রীর ঘোষিত টাকা বিতরণ করতেই তিনি আসছেন।দুটি হিসাব খোলা হয়েছে: দুর্ঘটনায় হতাহত ছাত্রদের পরিবারের সহায়তায় ট্র্যাজেডি-সহায়তা তহবিল ও আবুতোরাব ছাত্রকল্যাণ তহবিল নামে দুটি ব্যাংক হিসাবে খোলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদ কুতুব জানান, ন্যাশনাল ব্যাংক মিরসরাই শাখায় মিরসরাই ট্র্যাজেডি-সহায়তা তহবিল নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন, ইউএনও সাঈদ কুতুব ও স্থানীয় মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামীর নামে এ হিসাব খোলা হয়। মিরসরাই ট্র্যাজেডি-সহায়তা তহবিলের ব্যাংক হিসাব নম্বর: ০০৯১৩৩০০৪০৭৫ (ন্যাশনাল ব্যাংক মিরসরাই শাখা)। এতে যে কেউ যেকোনো জায়গা থেকে অর্থ জমা দিতে পারবেন।আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বলেন, কেবল আবুতোরাব উচ্চবিদ্যালয়ের হতাহত ছাত্রদের সহায়তায় ইসলামী ব্যাংক মিরসরাই শাখায় আবুতোরাব ছাত্রকল্যাণ-সহায়তা তহবিল নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। মুদারাবা সঞ্চয়ী হিসাব নম্বর-১৭০০।