লাল পাহাড়ে হলুদ বিপ্লব
মাত্র তিন বছর আগেও যে জমিতে কলা কিংবা আনারস চাষ হতো, এখন সেখানে হলুদ আবাদ হচ্ছে। বাদ পড়েনি টিলা, চালা, বাড়ির আঙিনা; এমনকি পুকুরপাড়ও। শামীম আহমেদ ঢাকায় প্রকাশনার ব্যবসা করেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়ি এলাকার সাগরদীঘি গ্রামে ১০ বিঘা জমি লিজ নিয়ে হলুদ রোপণ করেছেন। তিনি জানান, তাঁর আরও তিন বন্ধু হলুদ চাষ করেছেন। ঘাটাইল বাজারের কাপড় ব্যবসায়ী নূরুল ইসলাম সাত একর, ঢাকার শফিকুল বারী এক একর জমিতে হলুদ লাগিয়েছেন। প্রখ্যাত নাট্যকার মামুনুর রশীদও শালিয়াবহ গ্রামে তাঁর এক একর পতিত জমিতে হলুদ রোপণ করেছেন। মানুষ ছুটে আসছে ঘাটাইলের পাহাড়ি এলাকায়। পাহাড়ের লাল মাটি ছেয়ে গেছে হলুদগাছে। চৌরাসা গ্রামের কৃষক সুজাত আলী তাঁর কাঁঠালগাছতলায় দুই শতাংশ জমিতে হলুদ লাগিয়েছেন। তিনি বলেন, ‘জায়গা পতিত রাখলেই লোকসান। আমাগো মাটি এখন সোনা।’সরেজমিনে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের মালেংকা, মাকড়াই, কুমারপাড়া; সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া, গৌরিশ্বর ও রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রাম ঘুরে কোনো পতিত জমি পাওয়া যায়নি।ঘাটাইল কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাবমতে, এ বছর উপজেলার পাহাড়ি এলাকার সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া ও দেওপাড়া ইউনিয়নে দুই হাজার হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে। এতে উৎ পাদিত হবে কমপক্ষে ৫০ হাজার মেট্রিক টন হলুদ; গত বছরের বাজারদর অনুযায়ী যার মূল্য কমপক্ষে পাঁচ কোটি টাকা।শালিয়াবহ গ্রামের চ্যানেল আই কৃষিপদকপ্রাপ্ত আবদুল আজিজ বলেন, গত বছর এক একর জমিতে হলুদ চাষ করে মাত্র নয় মাসে এক লাখ টাকা লাভ হয়েছে। তিনি পাঁচ একর জমিতে এবার হলুদ চাষ করেছেন। তাঁর মতে, ঘাটাইলে অত্যন্ত উন্নত মানের হলুদ হচ্ছে। সিংহের চালা গ্রামের কৃষক আবদুর রাজ্জাক জানান, এক একর জমিতে সার, বীজ ও পরিচর্যাসহ খরচ হয় এক লাখ টাকা। কাঁচা হলুদ আবাদ হয় ২৫০ মণ, যার মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা। সমপরিমাণ হলুদ শুকালে হয় ৬৩ মণ, যার মূল্য তিন লাখ টাকা। তাঁর মতে, এত কম সময়ে বেশি লাভ কোনো কৃষিপণ্যে সম্ভব নয়। তাই তো এলাকার মানুষ ছাড়াও দূরদূরান্ত থেকে সবাই ছুটে আসছেন। হলুদ চাষ করে গত দুই বছরে কমপক্ষে ৩৫ লাখ টাকা আয় করেছেন সরাবাড়ি গ্রামের কালু মিয়া। কালু মিয়া আগে মানুষের বাড়িতে কাজ করতেন বলে জানিয়েছেন। একইভাবে দুলালিয়া গ্রামের আবদুর রশিদ, শালিয়াবহ গ্রামের কামাল, জামাল, সুরুজ, কায়সার হলুদের কল্যাণে এখন সম্পন্ন কৃষক।আশারিয়া চালার কলেজশিক্ষক রফিকুল ইসলাম জানান, মানুষ ধান আবাদ করে লোকসানের শিকার হয়। তার পরিবর্তে অত্যন্ত কম খরচে হলুদ চাষ পাহাড়ের লোকজনের জন্য দারুণ সুযোগ। যাঁরা সরাসরি আবাদ করেছেন না, তাঁরা জমি ইজারা দিয়ে দু-পয়সা পাচ্ছেন। তিনি নিজে তাঁর ছোট ভাইয়ের কাছে ১৫ বিঘা জমি লিজ দিয়েছেন। কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে হলুদের বীজ রোপণ করা হয়। অগ্রহায়ণ মাসে হলুদ আহরণ করা হয়। ঘাটাইলে প্রধানত ‘মালা’ ও ‘পাটনাই’ জাতের হলুদ আবাদ হয়। দুটির মধ্যে মালা জাতের হলুদের উৎ পাদন বেশি হয়। ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, ‘অত্যন্ত লাভজনক হওয়ায় অনেক চাষি হলুদ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ঘাটাইলে বিপুল পরিমাণ হলুদ উৎ পাদন দেশের চাহিদা অনেকটা পূরণ করবে এবং আমদানিনির্ভরতা কমে যাবে।’