লাল বই আমারে বারোটা বাজাইয়া দিছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে আসা লোকজনকে সাতটি সংস্থা (এজেন্সি) পার হয়ে যেতে হয় উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘কী বলব! রাষ্ট্রাচার রীতি আর এসএসএফের লাল বই আমারে বারোটা বাজাইয়া দিছে।’
কিশোরগঞ্জ আয়োজিত সার্কিট হাউস মিলনায়তনে গতকাল শনিবার জেলার গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। জেলা প্রশাসন ওই অনুষ্ঠানের আয়োজন করে।
রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে ধারণা দিতে গিয়ে আবদুল হামিদ বলেন, তাঁর কোনো ক্ষমতা নেই। তবে এই পদটির কারণে বঙ্গভবনে তাঁর থাকা-খাওয়া চলে রাজার হালে।
রাষ্ট্রপতি চার দিনের হাওর ভ্রমণ শেষে ইটনা থেকে গতকাল দুপুরে করিমগঞ্জের চামড়াবন্দরে পৌঁছান। সেখানে উপস্থিত লোকজনের সঙ্গে কুশল বিনিময় এবং আবদুল হামিদ মেডিকেল কলেজ পরিদর্শন শেষে বিকেল চারটায় কিশোরগঞ্জে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে যোগ দেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আমি দল-মতনির্বিশেষে ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি। আমি হামিদ, আগের মনমানসিকতা থেকে বিন্দুমাত্র পরিবর্তন হই নাই। রাষ্ট্রপতি পদে না থাকলে আমি আবার এই সাধারণ মানুষের কাতারে মিলে যাব।’
এবার পবিত্র হজ পালনে যাবেন জানিয়ে রাষ্ট্রপতি সবার কাছে দোয়া চান। কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে রাজনীতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি। কিশোরগঞ্জে রাত্রি যাপন করে আজ রোববার হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রাষ্ট্রপতির রওনা হওয়ার কথা।