‘লাল বাদশা’কে ঘিরে আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিক রোজদার মণ্ডলের সঙ্গে লাল বাদশা
ছবি: প্রথম আলো

কোরবানির পশুর হাটে জটলা। কেউ কেউ উঁকি দিয়ে দেখছিলেন। সবার চোখ কোরবানির পশুর হাটে আসা ‘লাল বাদশা’র দিকে। অন্য সব গরুর তুলনায় দামে-ওজনে বেশি। তার আদর-যত্ন ও খাবার নিয়ে দম ফেলার ফুরসত নেই মালিক রোজদার মণ্ডলের। এর মধ্যে দাম ও ওজন নিয়ে মানুষের নানা প্রশ্নের উত্তর তো দিতেই হচ্ছে।

কোরবানির পশু নিয়ে এই চিত্র দেখা যায় চট্টগ্রাম নগরের কর্ণফুলী পশুর বাজারে। নগরের বাকলিয়ার এক কিলোমিটারের নূরনগর হাউজিং এলাকায় বসেছে এই অস্থায়ী বাজার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার নগরে তিনটি স্থায়ী ও চারটি অস্থায়ী হাটে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিন হাটগুলো তেমন জমেনি। গরুও এসেছে কম। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষের আনাগোনা থাকলেও বেচাবিক্রি ছিল না।

লাল বাদশার মালিক রোজদার মণ্ডল কুষ্টিয়া থেকে ১৫টি গরু নিয়ে এসেছেন। এগুলোর মধ্যে সবচেয়ে দামি লাল বাদশা। তার দাম ৫ লাখ টাকা। ওজন প্রায় ১২ মণ। অন্য গরুগুলোর দামও আড়াই থেকে সাড়ে চার লাখ টাকার মধ্যে। রোজদার মণ্ডল বলেন, এক থেকে দেড় বছর ধরে গরুগুলো পরিচর্যা করেছেন। সব কটি গরু বিক্রি হয়ে যাবে বলে আশাবাদী তিনি।

আজ নগরের স্থায়ী হাট বিবিরহাট পশুর বাজার এবং অস্থায়ী কর্ণফুলী পশুর বাজার ঘুরে দেখা গেছে, হাটগুলো এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। এখনো খুঁটি স্থাপন, শামিয়ানা টানানোর কাজ চলছে। হাটের অধিকাংশ জায়গা ফাঁকা পড়ে আছে। অল্পসংখ্যক গরু এসেছে। বাজারে ক্রেতাদের ভিড় না থাকলেও শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা দল বেঁধে গরু-ছাগল দেখছিল।

বিবিরহাট পশুর বাজারে সাতটি গরু এনেছেন চাঁপাইনবাবগঞ্জের ব্যাপারী মো. মনোয়ার হোসেন। তিনি বলেন, চট্টগ্রামের এই হাটে গরু বিক্রি করে ভালো দাম পাওয়া যায়। তাই পাঁচ বছর ধরে এখানে আসেন তিনি।

কর্ণফুলী পশুর বাজার ঘুরে দেখছিলেন নগরের পুরোনো চান্দগাঁও এলাকার বাসিন্দা মো. ওয়াসিদ। তিনি বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারে গরু দেখতে এসেছেন। এখন বেশি গরু আসেনি। তবে কেনার ইচ্ছে নেই। বাজার যখন জমজমাট হবে, তখন গরু কিনবেন।

এবারের হাটগুলো বসানোর ব্যাপারে জেলা প্রশাসন থেকে ১৭টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে হাটগুলোতে সার্বক্ষণিক পশু চিকিৎসক থাকা এবং জাল নোট শনাক্তকরণ যন্ত্র বসানোর কথা থাকলেও প্রথম দিন এগুলোর কিছুই ছিল না। এ ছাড়া করোনা প্রতিরোধে প্রবেশমুখে হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত দেওয়া হলেও তা পালনের বিষয়ে কোনো প্রস্তুতি দেখা যায়নি হাট দুটিতে।

কর্ণফুলী পশুর হাটের ইজারাদার প্রতিষ্ঠানের পরিচালক এস এম মোরশেদুর রশিদ বলেন, মাত্র বাজার শুরু হলো। তবে জাল নোট শনাক্তকরণ মেশিন, চিকিৎসকের বুথসহ সবকিছু দু-এক দিনের মধ্যে স্থাপন করা হবে। নিরাপত্তার জন্য র‍্যাব-পুলিশ থাকবে। নিরাপত্তাচৌকি বসানো হচ্ছে।