লাল-সবুজ আর ক্রিকেটের প্রতি ভালোবাসা
এক দিকে স্বাধীনতার মাস, অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন। আর তাই সারা দেশে লাল-সবুজের সমাহার। বাড়ির ছাদ, যানবাহন, মানুষের মুখ, পোশাক-আশাক সবই জাতীয় পতাকার রঙে রঙিন। গতকাল শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত এইচএসবিসি-প্রথম আলো আঞ্চলিক ভাষা প্রতিযোগও ছিল লাল-সবুজ, ক্রিকেট আর দেশপ্রেমে মোড়ানো।বন্ধুসভার সাংস্কৃতিক দলের শিল্পীদের গায়ে ছিল জাতীয় পতাকার রঙের টি-শার্ট। উচ্চমাধ্যমিক বিভাগে পুরস্কারজয়ী তানভীর হাসান তো লাল-সবুজ গেঞ্জি নিয়েই মঞ্চে ছুটল। চারটি বিভাগে তার মতো ৫২ জন শিক্ষার্থী গতকাল ভাষা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। কলেজিয়েট স্কুলের এহতেশামুল আনিস সর্বোচ্চ ৩৫ নম্বর পেয়ে সেরাদের সেরা হয়। এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতায় অতিথি ও প্রতিযোগী সবার কণ্ঠে ধ্বনিত হয়েছে দেশ ও ভাষার প্রতি ভালোবাসার কথা।সকালে এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ মাহমুদা খানম জাতীয় পতাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ও গোলাম মুস্তফা ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করার মাধ্যমে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন। এরপর পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কথামালায় ভরপুর ছিল ভাষা প্রতিযোগ।বরাবরের মতো সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে আদৃতা বড়ুয়া প্রশ্ন করে, ‘ব্যাকরণ বই এত কঠিন করে কেন লেখা হয়? গল্পচ্ছলে কি ব্যাকরণ লেখা যায় না?’ এ ছাড়া ‘চিৎতোৎগোং, শ্যাৎগাং থেকে কীভাবে চট্টগ্রাম হলো?’ ‘বাগ্ধারা কেন বাগ্ধারা?’, ‘আঠারোতে ট না হয়ে ঠ হলো কেন?’ ইত্যাদি। প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বটি জমজমাট হয়ে ওঠে।শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন মাহবুবুল হক, গোলাম মুস্তফা, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, মাহমুদা খানম, সাহিত্যিক হরিশংকর জলদাস, উন্মে হাবিবা হক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীদের রবীন্দ্রনাথের কথা শোনান আবুল মোমেন। তিনি বলেন, সাহিত্যের এমন কোনো শাখা নেই, রবীন্দ্রনাথ বিচরণ করেননি। তাই তাঁর রচনা যতই পড়বে, ততই উপকৃত হবে। তিনি বলেন, ‘ভাষা আন্দোলনই আমাদের সব সংগ্রামের প্রেরণা। ভাষা আন্দোলনের পথ ধরেই মুক্তিযুদ্ধ। তারপর স্বাধীন দেশের পতাকা।’বন্ধুসভা চট্টগ্রামের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে এইচএসবিসির কর্মকর্তা দেবাশীষ চক্রবর্ত্তী, বন্ধুসভা চট্টগ্রামের সভাপতি জিয়াউল হক বক্তব্য দেন।এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও কবিতা শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন বন্ধুসভার শিল্পীরা। তবে নিশীতার গান উপস্থিতিকে ছুঁয়ে যায়। তিনি ‘পাঞ্জাবিওয়ালা’, ‘রংধনু’সহ চারটি গান পরিবেশন করেন। গান শেষে প্রতিযোগীদের অটোগ্রাফও দিতে হয়েছে তাঁকে।যারা পুরস্কার পেয়েছেপ্রাথমিক বিভাগে প্রথম হয়েছে কলেজিয়েট স্কুলের প্রদ্যোৎদীপ বড়ুয়া, দ্বিতীয় খাস্তগীর স্কুলের নীহারিকা চৌধুরী ও তৃতীয় হয়েছে সরকারি স্কুলের তাহমিদ আবরার। নিম্নমাধ্যমিক বিভাগে সেরা তিনজন হলো কলেজিয়েট স্কুলের মুহাম্মদ এহতেশামুল আনিস, সরকারি স্কুলের জিএম আলমগীর ও ইস্পাহানি পাবলিক স্কুলের মুনতাসির ফাহমিদ।মাধ্যমিক বিভাগে ইস্পাহানি স্কুলের মোহাম্মদ মাহির আসিফ প্রথম, কলেজিয়েট স্কুলের পিয়াস ঘোষ দ্বিতীয় ও বাওয়া স্কুলের চৌধুরী মৌমিতা বড়ুয়া তৃতীয় হয়। উচ্চমাধ্যমিক বিভাগে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উন্মে মাইমুনা প্রথম হয়। দ্বিতীয় হয় বিএএফ শাহীন কলেজের নিসর্গ নিগার ও তৃতীয় হয় চট্টগ্রাম কলেজের পুনম বিশ্বাস।