লাল-সবুজ টি-শার্টে আনিসুল হকের প্রচারণা
আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হকের প্রচারণায় গতকাল বৃহস্পতিবার যোগ দিলেন চিত্রজগতের তারকারা। জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে তাঁদের পরনে ছিল লাল-সবুজ রঙের টি-শার্ট।
সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে থেকে ‘হেলদি ঢাকা’ শীর্ষক প্রচারণা শুরু করেন আনিসুল হক। এতে ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুন নূর তুষার, অভিনেত্রী শারমিন লাকি, বাঁধনসহ কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্ব। আরও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও সাহিদা তারেখ, আনিসুল হকের স্ত্রী রুবানা হক প্রমুখ।
এরপর আনিসুল হক মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত রাস্তার পাশের দোকানদার, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণসংযোগ করেন।
মিরপুর ১০ নম্বর চত্বরের পাশের ফুটপাত দখল করে বইয়ের দোকান বসিয়েছেন কয়েকজন। একপর্যায়ে আনিসুল হক ফুটপাতের দোকানিদের কাছে ভোট চান এবং প্রচারপত্র দেন। এ সময় দোকানিদের কয়েকজন তাঁকে বলেন, ‘আমরা এখানে ব্যবসা করে পেট চালাই। কিন্তু কয়েক দিন পর পরই উচ্ছেদের শিকার হই। আমরা ব্যবসা করতে পারি না।’
এ সময় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ দোকানদারদের উদ্দেশে বলেন, ‘পৃথিবীর কোনো শহরেই এভাবে ফুটপাতে দোকান দেওয়া যায় না। তোমরা আপাতত এখানে থাকো। আনিসুল হক মেয়র হলে স্থায়ী ব্যবস্থা করা হবে।’ এরপর আনিসুল হক যান মিরপুর-১০ নম্বর সি ব্লক কাঁচাবাজার এলাকায়। বিকেলে খিলক্ষেত কুর্মিটোলা স্কুল ও কলেজ এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় মতবিনিময় করেন এলজিইডি ভবনে প্রকৌশলীদের সঙ্গে।
মাহীকে জবাব: আনিসুল হকের ইশতেহার অন্তঃসারশূন্য এবং তিনি অন্য প্রার্থীদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন—আগের দিন এমন মন্তব্য করেছিলেন মাহী বি চৌধুরী। এর জবাবে আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘চার দিন আগেও মাহী আমার সম্পর্কে বলেছে, আমি অমায়িক, অসাধারণ, সৎ, অনুকরণীয় ব্যক্তিত্ব। চার দিনের মধ্যে এমন কী ঘটে গেল তিনি আমাকে “রক্তচোষা” বলে গালি দিচ্ছেন? তরুণেরা যদি একে অন্যকে খোঁচাতে থাকে, তাহলে দেশকে, ঢাকাকে নেতৃত্ব দেবে কীভাবে? তারা যদি গালাগালিতে লিপ্ত হয়ে পড়ে তাহলে স্বপ্ন দেখব কাদের নিয়ে?’