লাল-সবুজ রেলবহরের পরীক্ষামূলক যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু অভিমুখে লাল-সবুজ রেলবহরের পরীক্ষামূলক যাত্রা (ট্রায়াল রান) শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ১৩ কোচবিশিষ্ট ট্রেনটি যাত্রা শুরু করে। কোচগুলো ভারতের পাঞ্জাব রাজ্যের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি।
সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, গত ২০ মার্চে ২০টি এবং ৪ এপ্রিল আরও ২০টি রেল কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে পৌঁছে। এর মধ্য থেকে ১৩টি কোচ পরীক্ষামূলক যাত্রায় অংশ নিচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী ফকির মোহাম্মদ মহীউদ্দিন। আমদানি করা কোচগুলো প্রথমে সৈয়দপুর রেলওয়ে কারখানায় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে ভারতীয় প্রকৌশলীদের সঙ্গে রেলওয়ের কর্মকর্তা ও শ্রমিকেরা যৌথভাবে কোচগুলোর খুঁটিনাটি কারিগরি বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময় বিভিন্ন যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়। সেগুলো সংশোধনের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। অধিকতর যাচাইয়ের ক্ষেত্রে এই পরীক্ষামূলক যাত্রা বিশেষ গুরুত্বপূর্ণ। সৈয়দপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৩৫৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেলবহরটি আবার সৈয়দপুরে কারখানায় ফিরে আসবে। এরপরও যান্ত্রিক ত্রুটি থাকলে, ভারত যন্ত্রাংশ পরিবর্তন করে দেবে।
রেলওয়ে শ্রমিক লীগের সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, ‘আমদানি করা কোচগুলো নিয়ে ঢাকা-রাজশাহী পথে তিনটি, খুলনা-ঢাকা পথে দুটি এবং ঢাকা-কলকাতা পথে একটি রেলবহর চালু করার বিষয়ে চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষ বঞ্চিত হবে। উত্তরের চিলাহাটি-ঢাকা পথের নীলসাগর ট্রেনটির দ্বিতীয় বহর (ডাবল র্যা ক) চালু করা হলে এ অঞ্চলের যাত্রীরা উপকৃত হবেন। কর্তৃপক্ষের কাছে আমরা এই দাবি জানাচ্ছি।’
সৈয়দপুর জেলা বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মোখছেদুল ইসলাম বলেন, ‘আমরা লাল-সবুজ কোচে ভ্রমণ করতে চাই। চিলাহাটি-ঢাকা পথে দ্বিতীয় ট্রেন চালুর দাবিতে প্রয়োজনে আমরা আন্দোলনে যাব। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর শরণাপন্ন হব।’
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন বলেন, ট্রেনগুলো পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে। ভারত থেকে ১২০টি কোচ আমদানি করা হচ্ছে। পর্যায়ক্রমে সব কোচ পরীক্ষামূলক যাত্রায় যাবে। এ কার্যক্রম শেষ হলে কোচগুলো রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।