লাল-সবুজে জাতীয় সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছায়ানটের যৌথ সাংস্কৃতিক আয়োজনে গতকাল ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠ সেজে​িছল লাল–সবুজে l ছবি: জাহিদুল ​করিম
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছায়ানটের যৌথ সাংস্কৃতিক আয়োজনে গতকাল ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠ সেজে​িছল লাল–সবুজে l ছবি: জাহিদুল ​করিম

ঘড়ির কাঁটা ধরে ঠিক ৩টা ৪৫ মিনিটে শুরু হয় অনুষ্ঠান। শেষ হয় ৪টা ৪০ মিনিটে। মাঝে থাকা ৫৫ মিনিটে বিজয়ের এক অপূর্ব কাব্য লিখল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। সঙ্গে ছিল ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অগণিত শিক্ষার্থী। সমবেত সবাই একসঙ্গে গেয়ে উঠেছিল ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটি গতকাল সেজেছিল জাতীয় পতাকার লাল-সবুজ রঙে। এখানে দলে দলে শামিল হয়েছিলেন অগণিত নারী-পুরুষ। এসেছিলেন লাল শাড়ি আর পাঞ্জাবিতে। যে মানুষটি পতাকা উড়িয়ে মূল অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন, সেই সন্‌জীদা খাতুনও গায়ে জড়িয়েছিলেন লাল চাদর। দর্শকদের আগেই অনুরোধ করা হয়েছিল সবুজ শাড়ি আর পাঞ্জাবি পরতে। তাতে সাড়া দিয়ে দর্শকেরাও এসেছিলেন লাল-সবুজ পতাকার রঙে নিজেদের রাঙিয়ে নিয়ে। মাঠে প্রবেশের বিন্যাসও করা হয়েছিল সেভাবেই। এক পাশে লাল, অন্য পাশে সবুজ। মঞ্চটির মেঝে ছিল বৃত্তাকার লাল রঙের। একটা সময় পুরো এলাকাটা দেখতে হয়ে ওঠে জাতীয় পতাকা।  

 জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুজ দুই শিল্পী শাহীন সামাদ ও শারমীন সাথী ইসলামকে পাশে নিয়ে জাতীয় পতাকা ওড়ান ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন।

পতাকা ওড়ানোর পর কয়েক সেকেন্ডের নীরবতা। ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানের সুরের সঙ্গে নৃত্যগীতের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। এই গানের সঙ্গে নাচ পরিবেশন করেন নৃত্য নন্দনের শিল্পীরা। পরের পরিবেশনা ছায়ানটের ভরতনাট্যম বিভাগের শিল্পীদের। ‘দুর্গম গিরি কান্তার মরু’ গানের সঙ্গে নৃত্যগীতে অংশ নেন শিল্পীরা। পরপর দুটি নৃত্যের পর নাসিমা শাহীন ও শারমিন সাথী ইসলাম গেয়ে শোনান ‘অবাক পৃথিবী অবাক করলে তুমি’। চন্দনা মজুমদার শোনান ‘এই না বাংলাদেশের গান’, শাহীন সামাদ গেয়ে শোনান ‘এই পৃথিবীটা যদি হয়’। দিবস আয়োজন উপলক্ষে নতুন গান ‘এই পৃথিবীটা যদি হয়’, লিখেছেন কবির বকুল। সুর দিয়েছেন সুজেয় শ্যাম। 

লিয়াকত আলীর পরিবেশনায় ছিল সৈয়দ শামসুল হকের কবিতা ‘ব্রহ্মপুত্রের প্রতি’র আবৃত্তি। ছিল ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’, ‘আমরা তো উজ্জ্বল সূর্য’, ‘কলকল ছলছল নদী করে টলমল’, ‘এখন আর দেরি নয়’, ‘বাংলা মার দুর্নিবার’, ‘তিরিশ লক্ষ জীবন দিয়া’, ‘লাখো লাখো শহীদের রক্তমাখা’ গানের সঙ্গে নৃত্য। এ সম্মেলক গানগুলোর সঙ্গে নৃত্য পরিবেশন করে ছায়ানটের শিল্পীরা ছাড়াও জাগো আর্ট সেন্টার, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র ও ব্রতচারী। মাঝে একবার এবং শেষে জহিরুল হক খানের ‘জয় বাংলা’ স্লোগান ভিন্ন আমেজ তৈরি করে। ঐতিহ্য অনুযায়ী সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় আয়োজনটি। এবারের আয়োজনে ২৪টি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশ নেয়।