লাল-সবুজের নতুন বগির চারটি ট্রেন উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচল করা আন্তনগর তূর্ণা এক্সপ্রেসসহ চারটি ট্রেনে লাল-সবুজ রঙের নতুন বগি সংযোজন করে আজ সোমবার থেকে যাত্রী পরিবহন শুরু হচ্ছে। আজ সকাল সাতটায় রাজধানীর কমলাপুর স্টেশনে মহানগর প্রভাতী ও রাত ১০টায় মহানগর তূর্ণা এক্সপ্রেসে নতুন বগি সংযোজনের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী নতুন বগির মহানগর প্রভাতী সকাল পৌনে আটটায় যাত্রা করবে। এটি আজ সকাল সাতটায় রেলপথমন্ত্রী মুজিবুল হক উদ্বোধন করবেন। একইভাবে আজ রাত ১০টায় চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেসেরও উদ্বোধন করবেন মন্ত্রী। এটি আজ সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামে আসবে।
রেলওয়ে সূত্র জানায়, এক জোড়া নতুন রেক দিয়ে (একটি ইঞ্জিন ও প্রয়োজনীয়সংখ্যক বগি দিয়ে হয় একটি রেক) ঢাকা-চট্টগ্রাম রেলপথে চারটি আন্তনগর ট্রেনে যাত্রী পরিবহন হবে। অর্থাৎ চট্টগ্রাম থেকে প্রতিদিন বেলা তিনটায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মহানগর গোধূলি একই দিন রাত সাড়ে ১১টায় তূর্ণা হয়ে চট্টগ্রামের উদ্দেশে আবার যাত্রা করবে। চট্টগ্রাম থেকে প্রতিদিন রাত ১১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তূর্ণা এক্সপ্রেস পরদিন সকাল পৌনে আটটায় মহানগর প্রভাতী হয়ে চট্টগ্রামের দিকে যাবে।
রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে চীনের তৈরি পুরোনো বগির এক জোড়া রেক দিয়ে চারটি আন্তনগর ট্রেনে যাত্রী পরিবহন করা হচ্ছে। আজ পুরোনো রেক সরিয়ে লাল-সবুজের নতুন বগির এক জোড়া রেকের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী। আগে প্রতি রেকে ১৮টি করে বগি ছিল। নতুন রেকে ২টি কমিয়ে ১৬টি করে বগি দিয়ে রেক করা হলে সমালোচনা শুরু হয়। কারণ, এতে যাত্রীর ধারণক্ষমতা কমে যাবে। এরপর গতকাল রোববার রেলভবন থেকে আরেক আদেশে নতুন রেকে ১৮টি করে বগি রাখার সিদ্ধান্তের কথা রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরকে জানানো হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, ‘ইন্দোনেশিয়ার তৈরি নতুন কোচ (বগি) দিয়ে আন্তনগর চারটি ট্রেনের রেক কম্পোজিশন তৈরি করেছি।’ এক প্রশ্নের জবাবে সরদার সাহাদাত বলেন, প্রতি রেকে ১৮টি করে বগি থাকছে।