লালখান বাজারে ডাকাতির চেষ্টা গ্রেপ্তার ২
গ্রিল কেটে ডাকাতি করার চেষ্টার সময় জনতা দুজনকে ধরে ফেলে পুলিশে দিয়েছে। পালিয়ে গেছে আরও অন্তত পাঁচজন। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারের একটি বাড়িতে এই ডাকাতির চেষ্টা চলে। গ্রেপ্তার হওয়া দুই ডাকাত হলেন: কায়সার আহমেদ (২০) ও আল আমিন (১৮)। কায়সারের গ্রামের বাড়ি ফটিকছড়ির ভুজপুর এলাকায়। আর আল আমিন থাকেন লালখান বাজারের টাংকির পাহাড় এলাকায়। স্থানীয় সূত্র জানায়, জনৈক আলমগীরের দোতলার বাড়িতে একদল ডাকাত গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় গ্রিলকাটার শব্দ শুনে লোকজন চিৎকার করলে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে জাপটে ধরে পিটুনি দেয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁদের। খুলশি থানার কর্তব্যরত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, লালখান বাজারের একটি বাড়িতে হানা দেওয়ার সময় দুজন ধরা পড়ে। বাড়ির মালিক আলমগীরকে এ বিষয়ে অভিযোগ দিতে অনুরোধ করা হয়েছে।