লালখান বাজারে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছে। গত শুক্রবার রাতে এই সংঘর্ষ হয়। গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিরা নগরের বিভিন্ন সাকেন্দ্রে সাধীন আছেন। স্থানীয় সূত্র জানায়, লালখান বাজারের বিবদমান দুই পক্ষের এক পক্ষের নেতৃত্বে রয়েছেন নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ মাহমুদ। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য দিদারুল আলম। এই দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে ফরিদ মাহমুদের অনুসারীরা গত শুক্রবার দিদারুলের ওপর হামলা চালান বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ফরিদ মাহমুদের কয়েকজন সশস্ত্র অনুসারী লালখান বাজারের চারমারী সড়কে দিদারুল আলমের বাসার সামনে অবস্থান করছিলেন। এ সময় দিদার বাসার দিকে ফিরছিলেন। সশস্ত্র যুবকেরা দিদারকে দেখেই অতর্কিত হামলা চালান। তাঁরা দিদারুলের গাড়ি ভাঙচুর এবং তাঁর গাড়ির চালককে আগ্নেয়াস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। এ সময় দিদারের বাসার নিচে থাকা আরও তিনটি গাড়িও ভাঙচুর করেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দিদারুলকে গুলি করতে উদ্যত হন। অবস্থা বেগতিক দেখে দিদার তাঁর লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দিয়ে দু-তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে প্রতিপক্ষের কয়েকজন গুলিতে আহত হন। আহত ব্যক্তিদের বেশির ভাগ ফরিদ মাহমুদের অনুসারী বলে জানা গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানান, লালখান বাজার এলাকা সরকার সমর্থক সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে ফরিদ মাহমুদের অনুসারীদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। দিদারুল আলম একসময় সিটি কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন। গত জোট সরকারের আমলে সন্ত্রাসী হিসেবে তাঁর নাম পুলিশ তালিকাভুক্ত করে। এ কারণে তিনি দেশ ছেড়ে মধ্যপ্রাচ্যের একটি দেশে চলে যান। সেখানে তিনি ব্যবসা-বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন। বেশির ভাগ মামলা থেকে খালাস পাওয়ায় দিদারের নাম সন্ত্রাসী তালিকায় নেই বলে পুলিশ জানায়। উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। হামলায় কয়েকটি গাড়ি ভাঙচুর হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করলে ব্যবস্থা নেব।’